বরেণ্য চিত্রগ্রাহক ও পরিচালক আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। প্রখ্যাত চিত্রগ্রাহক আনোয়ার হোসেন বুলু তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
১৯৪২ সালের ৯ জানুয়ারি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন আব্দুল লতিফ বাচ্চু। চলচ্চিত্রের রূপালি জগতের সঙ্গে তার সখ্য ছিল দীর্ঘদিনের। প্রখ্যাত চিত্রগ্রাহক সাধন রায়ের সহকারী হিসেবে ‘আলোর পিপাসা’, ‘আগন্তুক’ ও ‘দর্পচূর্ণ’র মতো কালজয়ী সিনেমা দিয়ে তার কর্মজীবন শুরু হয়।
এরপর ১৯৬৮ সালে ‘রূপকুমারী’ সিনেমার মাধ্যমে তিনি পূর্ণাঙ্গ চিত্রগ্রাহক হিসেবে আত্মপ্রকাশ করেন। স্বাধীনতার পর চিত্রা জহিরের প্রযোজনা ও কাজী জহিরের পরিচালনায় ‘অবুঝ মন’ সিনেমায় কাজ করে ব্যাপক পরিচিতি পান তিনি।