রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির নিহত।
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৮-০১-২০২৬ ১২:৪০:৩৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০১-২০২৬ ১২:৪০:৩৭ অপরাহ্ন
মুসাব্বির নিহত
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির নিহত।
বিশেষ প্রতিনিধি :মাহফুজুর রহমান.
রাজধানীর পান্থপথের গ্রিনরোড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আজিজুর রহমান মুসাব্বির নিহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে গ্রিনরোড এলাকা দিয়ে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা আজিজুর রহমানকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। মুসাব্বির গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ বিআরবি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
আজিজুর রহমান মুসাব্বির বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য সচিব ছিলেন। মৃত্যুকালে তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু হয়েছে। কারা, কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে তা উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মুসাব্বিরের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক মহলে এবং তার নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। দলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তোলা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স