ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশি ওয়েবসাইট ক্লোন করে বিনিয়োগ প্রতারণা: মূলহোতাসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-০১-২০২৬ ০৫:০৩:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০১-২০২৬ ০৫:০৩:৪৮ অপরাহ্ন
বিদেশি ওয়েবসাইট ক্লোন করে বিনিয়োগ প্রতারণা: মূলহোতাসহ গ্রেফতার ২ তৌহিদ ভূঁইয়া ও হৃদয় হাসান


বিশেষ প্রতিনিধি :মাহফুজুর রহমান 

নেদারল্যান্ডসের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট ক্লোন করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া এক সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতাসহ দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারকৃতরা হলেন—তৌহিদ ভূঁইয়া (২১) এবং চক্রের মূলহোতা হৃদয় হাসান (২১)।
গতকাল বুধবার (৭ জানুয়ারি) জামালপুর সদর উপজেলার স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগ।

সিআইডি জানায়, নেদারল্যান্ডসভিত্তিক পর্যটন প্রতিষ্ঠান ‘Withlocals’-এর আসল ওয়েবসাইটের আদলে হুবহু একটি ভুয়া ওয়েবপেজ তৈরি করেছিল এই চক্রটি। এরপর নিজেদের ওই প্রতিষ্ঠানের কর্মী পরিচয় দিয়ে সাধারণ মানুষকে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে দ্রুত লভ্যাংশের প্রলোভন দেখাত তারা। বিদেশি কোম্পানিতে বিনিয়োগের নাম করে প্রলুব্ধ হয়ে একজন ভিকটিমই প্রায় ২৫ লক্ষ টাকা খোয়ান। প্রতারণার বিষয়টি টের পেয়ে ভিকটিম গত বছরের ১ নভেম্বর পল্টন থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত হৃদয় হাসান নিজেকে কম্পিউটার ইঞ্জিনিয়ার দাবি করলেও আসলে তিনি ওয়েবসাইট ক্লোনিংয়ের মাধ্যমে জালিয়াতি করতেন। সিআইডির ফরেনসিক বিশ্লেষণে তার কাছে থাকা স্মার্টফোনে এমন কিছু তথ্য পাওয়া গেছে যা রীতিমতো চমকপ্রদ:
তার নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যক্তির নামে খোলা প্রায় ৩০টি ব্যাংক হিসাব পাওয়া গেছে।

 অন্যের নামে খোলা দুটি বাইনান্স অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করলেও সেগুলোর সাথে হৃদয়ের নিজস্ব বিকাশ ও নগদ অ্যাকাউন্ট সংযুক্ত ছিল।
 তার ফোনে ১৫টি কিউআর কোড পাওয়া গেছে, যার মাধ্যমে সে একাধিক টেলিগ্রাম আইডি ব্যবহার করে প্রতারণা চালিয়ে আসছিল। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা তাদের অপরাধ স্বীকার করেছে। সিআইডি জানায়, বাইনান্সের লেনদেন পর্যবেক্ষণ, ৩০টি ব্যাংক হিসাবের তথ্য যাচাই এবং চক্রের বাকি সদস্যদের শনাক্ত করতে আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইন বিনিয়োগ প্রতারণা ও সাইবার জালিয়াতি দমনে তারা কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের আর্থিক অপরাধের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ