ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাবাজারে গ্রিল কেটে চুরি: হাত-পা ও মুখ বেঁধে রাখায় হোমিও চিকিৎসকের মৃত্যু।

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-০১-২০২৬ ০৭:০৮:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০১-২০২৬ ০৭:০৮:০৩ অপরাহ্ন
রাজাবাজারে গ্রিল কেটে চুরি: হাত-পা ও মুখ বেঁধে রাখায় হোমিও চিকিৎসকের মৃত্যু। হোমিও চিকিৎসকের মৃত্যু।


বিশেষ প্রতিনিধি :মাহফুজুর রহমান. 

শেরে বাংলা নগর থানার পশ্চিম রাজাবাজার এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে হাত-পা ও মুখ বেঁধে রাখায় আনোয়ার উল্লাহ (৬৬) নামে এক হোমিও চিকিৎসকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজাবাজারের ৫৮/১ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

 পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে একদল চোর বাসার গ্রিল কেটে দোতলার ফ্ল্যাটে প্রবেশ করে। চোরেরা বাসায় ঢুকে চিকিৎসক আনোয়ার উল্লাহ ও তার স্ত্রীকে হাত-পা বেঁধে ফেলে এবং চিৎকার ঠেকাতে তাদের মুখে কাপড় গুঁজে শক্ত করে আটকে দেয়। এরপর তারা বাসা থেকে মূল্যবান মালামাল ও টাকা লুট করে পালিয়ে যায়।

 চোরেরা চলে যাওয়ার পর আনোয়ার উল্লাহর স্ত্রী কোনোভাবে তার মোবাইল ফোনের মাধ্যমে একই ভবনের তিনতলায় বসবাসরত মেয়ে ও জামাতাকে বিষয়টি জানান। সংবাদ পেয়ে স্বজনরা দ্রুত নিচে নেমে তাদের উদ্ধার করেন। অচেতন অবস্থায় আনোয়ার উল্লাহকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরেরা দীর্ঘক্ষণ শক্ত করে মুখ বেঁধে রাখায় শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ বর্তমানে স্কয়ার হাসপাতালে রাখা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করেছে। বাসার সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং আলামত পরীক্ষার কাজ চলছে। এলাকায় এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ