ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এনআইডি জালিয়াতি ও তথ্য বিক্রি করে মাসে আয় কোটি টাকা: ইসির কর্মচারীসহ গ্রেফতার ২।

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-০১-২০২৬ ০৩:৩৩:২০ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০১-২০২৬ ০৩:৩৩:২০ অপরাহ্ন
এনআইডি জালিয়াতি ও তথ্য বিক্রি করে মাসে আয় কোটি টাকা: ইসির কর্মচারীসহ গ্রেফতার ২। ইসির কর্মচারীসহ গ্রেফতার ২


বিশেষ প্রতিনিধি :মাহফুজুর রহমান. 

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ভাণ্ডার থেকে সংবেদনশীল তথ্য চুরি ও অবৈধভাবে বিক্রির মাধ্যমে মাসে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) এক কর্মচারীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারকৃতরা হলেন— মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. হাবীবুল্লাহ (৪১) এবং আউটসোর্সিংয়ে কর্মরত ডাটা এন্ট্রি অপারেটর মো. আলামিন (৩৯)।
গত বুধবার (১৪ জানুয়ারি) রাতে রাজধানীর আগারগাঁও এবং মোহাম্মদপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে তথ্য চুরির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সিআইডি জানায়, গ্রেফতারকৃত মো. আলামিন ২০১৬ সাল থেকে নির্বাচন কমিশনের ঢাকা অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করতেন। তার কাছে থাকা গোপনীয় আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সারা বাংলাদেশের নাগরিকদের এনআইডি তথ্য দেখার সুযোগ ছিল (অ্যাক্সেস)। অন্যদিকে, মো. হাবীবুল্লাহ ২০০৮ সাল থেকে ইসিতে কর্মরত। আলামিন তার পূর্ব পরিচিত হওয়ার সুযোগে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ওই বিশেষ আইডি ও পাসওয়ার্ড হাবীবুল্লাহকে দিয়ে দেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, এই পাসওয়ার্ড ব্যবহারের জন্য হাবীবুল্লাহ প্রতি সপ্তাহে আলামিনকে ৪-৫ হাজার টাকা উৎকোচ দিতেন। পরিবর্তে হাবীবুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে প্রতিটি এনআইডির সংবেদনশীল তথ্য ২০০ থেকে ৩০০ টাকায় বিক্রি করতেন।

নির্বাচন কমিশনের একটি অভ্যন্তরীণ অনুসন্ধানে দেখা গেছে, গত মাত্র এক সপ্তাহে ১ লাখ ১২ হাজার ১৫০টি এবং ৩০ দিনে ৩ লাখ ৬৫ হাজার ৬০৮টি এনআইডি ডাটা দেখা (NID Data View) হয়েছে। প্রতিটি ডাটা ৩০০ টাকা দরে বিক্রি হিসাব করলে, গত এক মাসেই চক্রটি প্রায় ১১ কোটি টাকা অবৈধভাবে হাতিয়ে নিয়েছে। এই অর্থ দিয়ে হাবীবুল্লাহ ঢাকায় ফ্ল্যাট কেনাসহ অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করতেন বলে সিআইডি নিশ্চিত করেছে।

সিআইডি জানায়, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় সাইবার নিরাপত্তা আইন এবং জাতীয় পরিচয় নিবন্ধন আইনে মামলা করা হয়েছে। চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত করতে এবং অবৈধ অর্থের উৎস খুঁজতে তদন্ত অব্যাহত রয়েছে। আজ তাদের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ