বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল ফোনসেট উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশের পল্টন মডেল থানা পুলিশ।
পল্টন মডেল থানা সূত্র জানায়, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে পল্টন থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় ১০৫টি মোবাইল ফোন দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে। হারানো মোবাইল ফোনগুলো উদ্ধারে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী ও পল্টন মডেল থানার এএসআই ইকবাল হোসেন সক্রিয় ভূমিকা পালন করেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ, সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী ও পল্টন মডেল থানার বিভিন্ন অফিসারের উপস্থিতিতে উদ্ধারকৃত ১০৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।
থানা সূত্রে আরও জানায়, ইতোপূর্বেও গত এক বছরে পল্টন মডেল থানা পুলিশ প্রায় ৬০০টির অধিক হারানো মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।
হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে আনন্দিত ভুক্তভোগীরা।