মাহদী আমিন
ভারতের সঙ্গে বিএনপির যে চুক্তির কথা বলা হচ্ছে তা অপপ্রচার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৪-০১-২০২৬ ০২:৫৪:৪৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-০১-২০২৬ ০২:৫৪:৪৩ অপরাহ্ন
মাহদী আমিন
ভারতের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চুক্তির মিথ্যা প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
তিনি বলেন, ‘ভারতের সঙ্গে বিএনপির যে চুক্তির কথা বলা হচ্ছে তা সম্পূর্ণরূপে অপপ্রচার। গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বলতে আমরা বুঝি, এখানে ইতিবাচক রাজনীতি হবে। কোনো অপকৌশল, অপপ্রচার, অপরাজনীতি হওয়া উচিত না।
আজ শনিবার সকালে গুলশানে ৯০ নম্বর রোডের নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মাহদী আমিন।
তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দলের প্রভাবশালী এক নেতা ভারতের সঙ্গে বিএনপির চুক্তির বিষয়ে যে দাবিটি করেছেন, তার স্বপক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। আর কোনো প্রমাণ উপস্থাপন করতে পারবেনও না। কারণ যে তথ্য মিডিয়ায় এসেছে বলে তিনি দাবি করেছেন, সেটির ন্যূনতম কোনো সত্যতা নাই।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন জানান, ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে আজ শনিবার দুপুর ২টায় গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন তারেক রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
‘ফ্যামিলি কার্ড’-এর নামে অনেক এলাকায় টাকা উত্তলোন করতে দেখা যাচ্ছে, এ বিষয়ে দলের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, “আমরা আগে বলেছি ‘ফ্যামিলি কার্ড’ বা ‘কৃষি কার্ডের’ নামে যদি কেউ কারো কাছে টাকা চান, সেটি অনাকাঙ্ক্ষিত। আর এটি যদি কার্ডগুলোকে বিতর্কিত করতে কেউ করে থাকেন সেটি অপ্রত্যাশিত।
তারেক রহমানের চট্টগ্রাম সফরসূচি
দলের চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী জনসংযোগে সমাবেশের অংশ নিতে আজ রাতেই আকাশপথে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির মুখপত্র মাহদী আমিন। তিনি জানান, সফরের শুরুতে তিনি আজ ২৪ জানুয়ারি রাত ৭টা ৩৫ মিনিটে ঢাকা থেকে প্লেনে করে চট্টগ্রামে পৌঁছাবেন এবং সেখানেই রাত্রি যাপন করবেন। আগামীকাল অর্থাৎ ২৫ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় স্থানীয় একটি হোটেলে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীকে নিয়ে ইউথ পলিসি টকে অংশগ্রহণ করবেন। এই পলিসি টকে তিনি শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সহ বিভিন্ন বিষয়ে বিএনপির পলিসি নিয়ে আলোচনা ও মতবিনিময় করবেন।
তরুণ-তরুণীদের আকাঙ্ক্ষা এবং পরামর্শকে ধারণ করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন।
এরপর তিনি চট্টগ্রাম পোলগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশ সংগ্রহণ করবেন।
সমাবেশ শেষ করে তিনি যাত্রা পথে ফেনী পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। তারপর তিনি কুমিল্লায় যথাক্রমে চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠ, সুয়াগাজী দিকবাজির মাঠ এবং দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনটি পৃথক নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ ও বক্তব্য রাখবেন। এরপর যাত্রাপথে তিনি নারায়ণগঞ্জের কাজলমাঠে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। দিনভর কর্মসূচি শেষে তারেক রহমান গুলশানে তার নিজস্ব বাসভবনে রাতে পৌঁছাবেন।
সিলেট সফরের মতো এই সফরেও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর ত্যাগী নেতাদের একাংশ উনার সফরসঙ্গী হবেন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স