ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​এপস্টেইন ফাইলস: অবশেষে কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৩-০২-২০২৬ ১২:০৬:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০২-২০২৬ ১২:০৬:১৬ অপরাহ্ন
​এপস্টেইন ফাইলস: অবশেষে কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন রাজি বিল ও হিলারি ক্লিনটন


যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন কংগ্রেসের তদন্ত কমিটির সামনে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। সোমবার (২ ফেব্রুয়ারি) ক্লিনটন দম্পতির এক কর্মী বিষয়টি নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরে সরাসরি উপস্থিত হয়ে সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানিয়ে আসার পর হঠাৎ করেই এই সিদ্ধান্ত এলো। ধারণা করা হচ্ছে, রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে ‘কংগ্রেস অবমাননার’ অভিযোগ আনা এবং সম্ভাব্য ফৌজদারি ব্যবস্থার ঝুঁকি এড়াতেই তারা সাক্ষ্য দিতে রাজি হয়েছেন।

হাউস স্পিকার মাইক জনসন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বিল ও হিলারি ক্লিনটনের সাক্ষ্য দিতে সম্মত হওয়ার সিদ্ধান্তকে তিনি স্বাগত জানান। তার মতে, এতে তদন্ত প্রক্রিয়ায় অগ্রগতি আসবে।

এর আগে গত সপ্তাহে হাউস ওভারসাইট কমিটি সুপারিশ করেছিল, সরাসরি উপস্থিত হয়ে সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানানোর কারণে ক্লিনটন দম্পতির বিরুদ্ধে ‘কংগ্রেস অবমাননার’ অভিযোগ আনা হোক। যদিও ক্লিনটন দম্পতি তদন্তে সহযোগিতার কথা বলেছিলেন, তবে তারা সরাসরি হাজির হতে রাজি ছিলেন না। তাদের অভিযোগ ছিল, এই তদন্ত মূলত রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রক্ষা করার একটি রাজনৈতিক কৌশল।

সম্প্রতি মার্কিন বিচার বিভাগ জেফরি এপস্টেইন–সংক্রান্ত বিপুল পরিমাণ অভ্যন্তরীণ নথিপত্র প্রকাশ করেছে। এসব নথিতে রাজনীতি, অর্থনীতি, শিক্ষা ও ব্যবসা খাতের বহু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে এপস্টেইনের ঘনিষ্ঠ সম্পর্কের তথ্য উঠে এসেছে। ২০০০ সালের শুরুর দিকে প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পর বিল ক্লিনটন একাধিকবার এপস্টেইনের ব্যক্তিগত বিমানে ভ্রমণ করেছিলেন। তবে তিনি বরাবরই দাবি করে আসছেন, এপস্টেইনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তিনি কিছুই জানতেন না এবং এই সম্পর্কের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।

হাউস ওভারসাইট কমিটির চেয়ারম্যান রিপাবলিকান প্রতিনিধি জেমস কোমার জানান, ক্লিনটন দম্পতির আইনজীবীরা সাক্ষ্য দেওয়ার শর্তাবলীতে সম্মত হয়েছেন। তবে এখনো কোনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি। তিনি বলেন, শর্তগুলো স্পষ্ট নয় এবং সাক্ষ্যের দিনক্ষণ জানানো হয়নি।

এদিকে ক্লিনটন দম্পতির ডেপুটি চিফ অব স্টাফ অ্যাঞ্জেল উরেনা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তারা কমিটির সামনে হাজির হতে আগ্রহী এবং এমন একটি নজির স্থাপন করতে চান, যা সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে।

উল্লেখ্য, জেফরি এপস্টেইন ২০০৮ সালে যৌনব্যবসা–সংক্রান্ত অভিযোগে দোষী সাব্যস্ত হন এবং ২০১৯ সালে কারাগারে তার মৃত্যু হয়। তাকে ঘিরে ক্লিনটন দম্পতির সংশ্লিষ্টতা নিয়ে চলমান এই তদন্ত মার্কিন রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ