ডিএনসিসির প্রশাসকের পদ থেকে সরানো হলো এজাজকে
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৯-০২-২০২৬ ০৩:২৩:১৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-০২-২০২৬ ০৩:২৩:১৮ অপরাহ্ন
এজাজ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে অপসারণ করেছে সরকার। তার স্থলে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে ডিএনসিসির নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবা আইরিনের স্বাক্ষরে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। মন্ত্রণালয়ের সিটি করপোরেশন–১ শাখা থেকে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুরাইয়া আক্তার জাহানকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব দেওয়া হলো।
এতে আরও বলা হয়, নবনিযুক্ত প্রশাসক সুরাইয়া আক্তার জাহান ডিএনসিসির মেয়রের সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি তার বর্তমান পদের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এ দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তিনি কেবল দায়িত্ব ভাতা পাবেন; এর বাইরে কোনো আর্থিক বা আনুষঙ্গিক সুবিধা প্রাপ্য হবেন না।
এর আগে গত বছরের ১২ ফেব্রুয়ারি রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজকে ডিএনসিসির প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে চলতি বছরের ১ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স