ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিমলায় খেজুর গাছ প্রার্থীর প্রকাশ্যে ভোট বানিজ্য ঘিরে হামলা -অগ্নিসংযোগ, পুলিশ - বিজিবি মোতায়ন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-০২-২০২৬ ০২:১৭:১২ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০২-২০২৬ ০২:১৭:১২ অপরাহ্ন
ডিমলায় খেজুর গাছ প্রার্থীর প্রকাশ্যে ভোট বানিজ্য  ঘিরে হামলা -অগ্নিসংযোগ, পুলিশ - বিজিবি মোতায়ন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের উত্তাপ যখন তুঙ্গে, ঠিক তখনই নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীর অনুসারীদের বিরুদ্ধে খেজুর গাছ প্রতীকের পক্ষে প্রকাশ্যে ভোট বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে। এই কর্মকাণ্ডকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে যা পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও বিজিবি মোতায়েন করতে হয়। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের ঠাকুরের স্কুল এলাকায় এই নজিরবিহীন ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি-জমিয়ত প্রার্থী মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দীর ছোট ভাইয়ের নেতৃত্বে একটি প্রাইভেট কার ও ৪০টির বেশি মোটরসাইকেলে শতাধিক নেতাকর্মী স্থানীয় এক হিন্দু ব্রাহ্মণের বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে ভোটারদের টাকা বিলি করছিলেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী প্রতিবাদ জানায় এবং মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে যখন দুর্বৃত্তরা পাশের একটি খরের গাদায় আগুন ধরিয়ে দেয়। আগুন ছড়িয়ে পড়ার আগেই জামায়াত ও স্থানীয় বাসিন্দারা তা নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এর মধ্যেই বিএনপি–জমিয়ত কর্মীরা জামায়াত নেতা–কর্মী ও সাধারণ ভোটারদের ওপর পরিকল্পিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত হন বালাপাড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল মজিদ এবং কর্মী শরিফুল ইসলাম। তাদের ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় ভোটার আরিফুল ইসলাম আরিফ (২৫) বলেন, “হঠাৎ করেই এক মাইক্রো ও ৪০-৫০টি মোটরসাইকেলে শতাধিক লোক এসে ঠাকুরবাড়িতে ঢুকে পড়ে। আমরা দেখতে গেলে দেখি বিএনপির লোকজন দরজা বন্ধ করে খেজুর মার্কার পক্ষে টাকা বিলি করছে। ভিডিও করতে গেলে তারা আমাদের ধাক্কা দিয়ে বের করে দেয়। পরে জামায়াতের লোকজন এলে তুমুল বাকবিতন্ডা ও হতাহত শুরু হয়। তখনই দুর্বৃত্তরা খরের গাদায় আগুন ধরিয়ে দেয়।” আহত জামায়াত কর্মী শরিফুল ইসলাম (৩৫) বলেন, “ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বিএনপির সাবেক বালাপাড়া ইউনিয়ন সভাপতি হামিদুল ইসলাম আমাকে বেধড়ক মারধর করে। অন্তত অর্ধশত বিএনপি-জমিয়ত নেতাকর্মী আমাদের ওপর হামলা চালায়।” পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রওশন কবির ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি নিয়ে পৌঁছান এবং উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দেন। এদিকে বিএনপি–জমিয়ত প্রার্থী মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দীর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি যা ঘটনাটিকে আরও প্রশ্নবিদ্ধ করেছে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ