ডিসিকে অভিশাপ দিলেন বিএনপির পরাজিত প্রার্থী এমদাদুল হক
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৫-০২-২০২৬ ০৫:২৯:২৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-০২-২০২৬ ০৫:২৯:২৫ অপরাহ্ন
এমদাদুল হক
ভাই, আমার অভিশাপ থাকল। আল্লাহ আপনার বিচার করবেন। আমার বউ-বাচ্চাকে কাঁদিয়ে, আমাকে কাঁদিয়ে আমার ভোট ছিনতাই করেছেন। আল্লাহর কাছে বিচার দিলাম।
আপনার ছেলে-মেয়েও রাস্তায় রাস্তায় কান্না করবে। এটা আমার অভিশাপ। আপনি আমার ভোট ছিনতাই করেছেন। এর জবাব আল্লাহর পক্ষ থেকে আপনি পাবেন।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগ দিতে গিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানকে এমন অভিশাপ দেন রংপুর-৪ আসনের পরাজিত বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা।
ডিসিকে অভিশাপ দেওয়ার বক্তব্য প্রদানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর নেটিজেনরা আলোচনা-সমালোচনা করেন মন্তব্যে।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ডিসিকে এমদাদুল হক ভরসা বলেন, ‘আমাকে হারাতে গিয়ে কোনো নিয়ম মানা হয়নি, এখন ভোট পুনরায় গণনার আবেদন করছি, এখন আপনি নিয়ম দেখাচ্ছেন।
সময়ক্ষেপণ করছেন। আপনার হাতে অনেক ক্ষমতা। আপনি সময়ক্ষেপণ করে আমার ব্যালট পেপার, রেজাল্ট সিট আপনি পরিবর্তন করতে পারেন। তাই আমি শুনতে চাই, আপনি কবে নাগাদ ভোট পুনর্গণনা করবেন সেটি জনগণকে বলেন।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ আসনে জেলা রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রার্থী আখতার হোসেন শাপলা কলি প্রতীকে ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৯ হাজার ৪০২ ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি। বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৪০ হাজর ৫৬৪ ভোট।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স