ভালোবাসার টানে চীন থেকে ঘাটাইলে, স্কুলছাত্রীকে বিয়ে করলেন যুবক
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৬-০৩-২০২৬ ০৫:২৯:০১ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-০৩-২০২৬ ০৫:২৯:০১ অপরাহ্ন
জংজিয়া মামুসা
মোঃ জাকির খান টাঙ্গাইল জেলা স্টাফ রিপোর্টার
ভালোবাসার টানে সুদূর চীন থেকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় এসে এক স্কুলছাত্রীকে বিয়ে করেছেন জংজিয়া মামুসা নামে এক যুবক। গেলো ২১ ফেব্রুয়ারি রাতে মুসলিম রীতি অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়।
এর আগে ১৮ ফেব্রুয়ারি রাতে উপজেলার পাঁচটিকরি গ্রামে পৌঁছান তিনি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা যায়, ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের বাসিন্দা আব্দুল মালেকের নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ে মায়া আক্তারের সঙ্গে প্রায় এক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম WeChat-এ পরিচয় হয় চীনের গানসু প্রদেশের সানজিয়া টাউনশিপ গ্রামের জংজিয়া মামুসার।
প্রথমে বন্ধুত্ব, পরে সেই সম্পর্ক প্রেমে রূপ নেয়।
এর মধ্যে মায়ার বিয়ের কথাবার্তা চলছিল। বিষয়টি জানানো হলে ভালোবাসার টানে বাংলাদেশে ছুটে আসেন মামুসা। বিদেশি নাগরিককে দেখতে স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। প্রতিদিনই আশপাশের মানুষ ভিড় করছেন মায়ার বাড়িতে।
পরিবারের পক্ষ থেকে প্রথমে বিষয়টি মেনে নিতে না চাইলেও পরে মেয়ের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে বিয়েতে সম্মতি দেন তারা। ২১ ফেব্রুয়ারি রাতে কাজী ডেকে মুসলিম রীতিতে বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের পর থেকে নবদম্পতিকে গ্রামের মেঠোপথে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে।
স্থানীয় খাবার-দাবারেও মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন মামুসা। এক মাসের ভিসায় বাংলাদেশে এসেছেন তিনি। পাসপোর্ট, ভিসা ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে স্ত্রীকে নিয়ে চীনে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে স্বামীর সঙ্গে চীনে যেতে আগ্রহ প্রকাশ করেছেন মায়াও।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই ভালোবাসার এই আন্তর্জাতিক সম্পর্ককে ইতিবাচকভাবে দেখলেও কেউ কেউ অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স