ঈদ ইত্যাদিতে তমা-হিমির নৃত্য
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১১-০৩-২০২৬ ০৩:৩৯:৪৪ অপরাহ্ন
আপডেট সময় :
১১-০৩-২০২৬ ০৩:৩৯:৪৪ অপরাহ্ন
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'। প্রতি পর্বেই এ অনুষ্ঠানটি নানা চমক নিয়ে হাজির হয়। তবে ঈদ পর্ব ঘিরে দর্শকদের একটু বেশিই প্রত্যাশা থাকে। আর ঈদের আয়োজন ইত্যাদিও সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। এ সময় প্রতি পর্বে তারকাদের অংশগ্রহণ যেন আরও রঙিন করে তুলে। এবারও ঈদ ইত্যাদিতে থাকছে নাটক-সিনেমার একঝাঁক তারকার অংশগ্রহণ। সে ধারাবাহিকতায় একটি পর্বে চমক নিয়ে হাজির হবে দুই অভিনেত্রী। একজন সিনেমার নায়িকা তমা মির্জা, অন্যজন নাটকের নায়িকা জান্নাতুল সুমাইয়া হিমি। তাদের দুজনকেই ইত্যাদির মঞ্চে একসঙ্গে নাচতে দেখা যাবে এবার। ঈদের বিশেষ ইত্যাদির অন্যতম আকর্ষণ হিসেবে থাকে বাদ্যযন্ত্রের মূর্ছনায় মনোমুগ্ধকর একটি নৃত্য। প্রতিবারই চেষ্টা করা হয় মিউজিক, বিষয়, চিত্রায়ণে বৈচিত্র্য আনতে। নির্মাতা হানিফ সংকেত এবারের ইত্যাদিতেও একটি ভিন্ন আঙ্গিকের নাচের আয়োজন করেছেন। সেই নাচে তমা মির্জা ও হিমির সঙ্গে অংশ নিয়েছেন একদল নৃত্যশিল্পী। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।
ফাগুন অডিও ভিশন জানায়, সবসময় যে ধরনের নাচ এবং নাচের মিউজিক শুনে দর্শকরা অভ্যস্ত, ইত্যাদির নাচগুলোকে তার চেয়ে একটু ব্যতিক্রমী করার চেষ্টা করা হয়। এবারও নাচের জন্য নতুন করে তৈরি করা হয়েছে মিউজিক। হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে এর সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ। এবারের নাচের মিউজিকটিতে রয়েছে ক্ল্যাসিক্যাল, ফোক ও আধুনিক কম্পোজিশনের সংমিশ্রণ। নাচের কম্পোজিশনেও বৈচিত্র্য আনার চেষ্টা করা হয়েছে। নাচটিকে ফুটিয়ে তোলার জন্য শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করেছেন।
প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স