জুনের মধ্যে মিলতে পারে ১৩০ কোটি ডলার: অর্থমন্ত্রী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৫-০৩-২০২৬ ০৩:২৮:২৭ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-০৩-২০২৬ ০৩:২৮:২৭ অপরাহ্ন
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে দেশের চলমান কর্মসূচি সঠিক পথেই রয়েছে। আর্থিক খাতকে স্থিতিশীল করতে ও প্রবৃদ্ধি পুনরুদ্ধারের লক্ষ্যে বিভিন্ন অর্থনৈতিক সংস্কার এগিয়ে নিচ্ছে সরকার।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে আইএমএফের সফররত এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী। এ সময় তিনি জানান, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচির শর্তাবলী ও বাস্তবায়ন নিয়ে আলোচনা চলছে।
আমির খসরু মাহমুদ বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর আগের অর্থনীতির খারাপ অবস্থা আমরা পেয়েছি। বিশেষ করে ব্যাংকিং সেক্টর, শেয়ারবাজার খারাপ অবস্থায় আছে এবং কর-জিডিপি হারও অনেক কম হওয়ার কারণে দেশ একটি কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মুখোমুখি।’
তিনি বলেন, সরকার নির্বাচনী ইশতেহারে উল্লেখিত সংস্কারগুলো বাস্তবায়নে কাজ করছে, যেখানে নিয়ন্ত্রণ শিথিলকরণ, ব্যবসা সহজীকরণ এবং ব্যবসার খরচ কমানোর ওপর জোর দেওয়া হচ্ছে।
অর্থমন্ত্রী বলেন, ‘অন্তর্বর্তী সময়ে আর্থিক সংকটের কারণে স্থগিত হওয়া অনেক উন্নয়ন প্রকল্প পুনরুজ্জীবিত করতে হবে।
এই প্রকল্পগুলো পুনরায় চালু করতে হলে আমাদের আর্থিক সংস্কার করতে হবে এবং অর্থনীতিকে স্থিতিশীল অবস্থানে আনতে হবে। আগামী বাজেটেই এসবের প্রতিফলন থাকবে।’
আইএমএফের অর্থায়ন প্রসঙ্গে তিনি বলেন, পরবর্তী ষষ্ঠ কিস্তি নিয়ে আলোচনা চলছে এবং পর্যালোচনার ওপর নির্ভর করে জুনের মধ্যে প্রায় ১.৩ বিলিয়ন ডলার পাওয়া যেতে পারে। তিনি জানান, এপ্রিল মাসে ওয়াশিংটনে আইএমএফের বসন্তকালীন বৈঠকে বিষয়টি বিস্তারিত আলোচনা করা হবে।
এক প্রশ্নের জবাবে আইএমএফের সফররত এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন বলেন, অর্থায়নসংক্রান্ত আলোচনা নীতিগত সম্পৃক্ততার ওপর ভিত্তি করে হয় এবং অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় আইএমএফ বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স