তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৫-০৪-২০২৬ ০২:২৬:৪৪ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-০৪-২০২৬ ০২:২৬:৪৪ অপরাহ্ন
আসিফ মাহমুদ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগে গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) উদ্যোগে গঠিত এই কমিটি ইতোমধ্যে সংশ্লিষ্ট বেশ কয়েকজনের সঙ্গে সাক্ষাৎকার গ্রহণ করেছে। তবে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি।
তদন্ত কমিটির প্রধান একেএম আসাদুজ্জামান জানান, কাউকে লক্ষ্য করে নয়, নিরপেক্ষ অবস্থান থেকেই তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
তিনি বলেন, আসিফ মাহমুদকে সাক্ষাৎকারের জন্য ডাকা হলেও তিনি উপস্থিত হননি।
এদিকে, তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন আসিফ মাহমুদ। সেখানে তিনি দাবি করেন, বিসিবির মতো একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ওপর মন্ত্রণালয়ের এ ধরনের তদন্ত ‘এখতিয়ার বহির্ভূত’।
তিনি আরো অভিযোগ করেন, তদন্ত কমিটির প্রজ্ঞাপনেই আগেভাগে সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
উচ্চ আদালতে বিচারাধীন একটি বিষয়ে তদন্ত করে তদন্ত কমিটি এবং সংশ্লিষ্ট সকলে আদালত অবমাননা করছেন বলে স্ট্যাটাসে উল্ল্যেখ করেন তিনি।
এছাড়া ক্রীড়া প্রতিমন্ত্রীর বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তোলেন তিনি। তার দাবি, ক্রীড়া প্রতিমন্ত্রী বোর্ড ডিরেক্টরদের পরের বোর্ডে ডিরেক্টর পদের লোভ, লোভে রাজি না হলে ভয় দেখিয়ে পদত্যাগ করাচ্ছেন।
আসিফ মাহমুদ বলেন, তদন্ত কমিটির পক্ষ থেকে সাক্ষাৎকারের বিষয়ে জানানো হলে তিনি তাদের কাছে জানতে চান, বিচারাধীন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিষয়ে তদন্ত করার এখতিয়ার তাদের আছে কিনা।
তবে এ বিষয়ে সন্তোষজনক কোনো উত্তর পাননি বলেও উল্লেখ করেন তিনি।
সবশেষ তিনি বলেন, কিভাবে সরকার চালাতে হয়, কিভাবে প্রজ্ঞাপন দিতে হয়, কোনটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কোনটা বিচারাধীন বিষয়, কোনটা আদালত অবমাননা এটা হয়তো আপনারা বোঝেন না অথবা তোয়াক্কা করেন না।
আমি তো আর জেনে-বুঝে এসব নিয়মবহির্ভূত আর আদালত অবমাননার মতো কাজে শামিল হব না। এজন্যই বিসিবি সংক্রান্ত তদন্ত কমিটির সাক্ষাৎকারের নোটিশে আমি সাড়া দেইনি।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স