সরিষাবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সেচ পাম্প বিতরণ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৫-০৪-২০২৬ ০৯:০৫:৩৬ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-০৪-২০২৬ ০৯:০৫:৩৬ অপরাহ্ন
কৃষি উৎপাদন বৃদ্ধি ও আধুনিক
গুলজার হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা-র চরাঞ্চলের কৃষি উৎপাদন বৃদ্ধি ও আধুনিক সেচ সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সেচ পাম্প (এলপি সেট) ও ক্যানভাস পাইপ বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এসব কৃষি যন্ত্রপাতি কৃষকদের হাতে তুলে দেওয়া হয়। ২০২৫–২০২৬ অর্থবছরের ‘বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত)’ এর আওতায় এই কর্মসূচি বাস্তবায়ন করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের চরাঞ্চলে গঠিত ৩০ সদস্যবিশিষ্ট কৃষি গ্রুপের মধ্য থেকে বাছাইকৃত ১৮টি গ্রুপকে এই সহায়তা প্রদান করা হয়। প্রতিটি গ্রুপকে একটি করে উন্নতমানের সেচ পাম্প ও প্রয়োজনীয় ক্যানভাস পাইপ সরবরাহ করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ বলেন, “চরাঞ্চলে সেচ সুবিধার ঘাটতির কারণে অনেক জমি অনাবাদী থেকে যেত। আধুনিক সেচ পাম্প ব্যবহারের মাধ্যমে এখন কৃষকরা সহজে ও কম খরচে জমিতে পানি দিতে পারবেন, যা ফসল উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।”
উপজেলা কৃষক দলের সভাপতি আঃ মজিদ বলেন, “কৃষকদের সহায়তায় সরকারের এ উদ্যোগ সময়োপযোগী। সঠিক ব্যবহারের মাধ্যমে কৃষকরা এর সুফল পাবেন এবং তাদের আর্থিক অবস্থার উন্নতি হবে।”
বিনামূল্যে সেচ সরঞ্জাম পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। তারা জানান, চরাঞ্চলে সেচ ব্যবস্থা ব্যয়বহুল ও কষ্টসাধ্য ছিল। এই সহায়তার ফলে কৃষিকাজ সহজ হবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে এমপি মহোদয়ের প্রতিনিধি হিসেবে মো: আব্দুল মজিদ উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সরকারের এ উদ্যোগের ফলে চরাঞ্চলের পতিত জমি চাষের আওতায় আসবে এবং কৃষকদের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স