নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১২-০৪-২০২৬ ০১:০৭:৩৩ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৪-২০২৬ ০১:০৭:৩৩ অপরাহ্ন
মো. মাহমুদুল হক রুবেল ও মো. রেজাউল করিম বাদশা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত শেরপুর-৩ আসনে জয়ী মো. মাহমুদুল হক রুবেল ও বগুড়া-৬ শূন্য আসনের উপনির্বাচনে জয়ী মো. রেজাউল করিম বাদশা শপথ গ্রহণ করেছেন। তাদের শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। শপথগ্রহণ অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সংসদ সদস্যরা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত শুক্রবার (১০ এপ্রিল) নির্বাচন কমিশন (ইসি) সচিবের স্বাক্ষরিত এক গেজেটের মাধ্যমে শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিজয়ী প্রার্থীদের ফল প্রকাশ করা হয়।
গেজেটে উল্লেখ করা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৩৯-এর দফা (৪) অনুযায়ী গত ৯ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ীদের নাম, পিতা-মাতা ও ঠিকানা চূড়ান্তভাবে প্রকাশ করা হলো।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে জয়ী হয়েছিলেন। পরবর্তীতে তিনি আসনটি ছেড়ে দিলে সেটি শূন্য ঘোষিত হয় এবং গত ৯ এপ্রিল সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
অন্যদিকে শেরপুর-৩ আসনে নির্বাচনের আগে একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় তৎকালীন ভোটগ্রহণ স্থগিত করেছিল নির্বাচন কমিশন। পরবর্তীতে নতুন তফসিলে গত ৯ এপ্রিল সেখানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স