ফুটবল
বিশ্বকাপে গণপরিবহন খরচ ফিফাকে দেওয়ার দাবি মার্কিন আইনপ্রণেতার
খেলা ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১৩: ৫২ ২০২৬ বিশ্বকাপ ট্রফি ।
যুক্তরাষ্ট্রের একজন প্রভাবশালী কংগ্রেস সদস্য গত মঙ্গলবার ফিফাকে ২০২৬ বিশ্বকাপে দর্শকদের গণপরিবহন খরচ বহনের আহ্বান জানিয়েছেন। নিউ জার্সিতে টুর্নামেন্ট চলাকালে অস্বাভাবিক ভাড়া বৃদ্ধির প্রস্তাবের খবর প্রকাশের পরই এই দাবি তোলেন তিনি।
ডেমোক্রেট পার্টির সদস্য ও সিনেটর চাক শুমার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা এক পোস্টে বলেন, বিশ্বকাপে প্রায় ১১ বিলিয়ন ডলার আয় করতে যাওয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটিরই উচিত বিশ্বকাপ ভেন্যুগুলোয় যাতায়াতের খরচ বহন করা।
শুমার মূলত সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকে প্রকাশিত এক প্রতিবেদনের প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন। প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপ চলাকালে ম্যানহাোনের পেন স্টেশন থেকে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে যাতায়াতে ভাড়া ১০০ ডলারের বেশি নির্ধারণ করতে পারে নিউ জার্সি ট্রানজিট। অথচ সাধারণ সময়ে এই রুটে রিটার্ন টিকিটের মূল্য মাত্র ১২ দশমিক ৯০ ডলার।
শুমার বলেন, ‘এই গ্রীষ্মের বিশ্বকাপ থেকে ফিফা প্রায় ১১ বিলিয়ন ডলার আয় করতে যাচ্ছে, অথচ এর খরচ গুনতে হবে নিউইয়র্ক এলাকার যাত্রী ও বাসিন্দাদের। ফিফার অন্তত এটুকু করা উচিত যে নিউইয়র্কের বাসিন্দাদের যেন অতিরিক্ত ভাড়া দিয়ে স্টেডিয়ামে যেতে না হয়, সেটি নিশ্চিত করা। আমার দাবি, আয়োজক শহর ও অঙ্গরাজ্যগুলোয় যাতায়াতের খরচ যেন ফিফাই বহন করে। নিউইয়র্কের বাসিন্দা ও যাত্রীদের ওপর চাপিয়ে দিয়ে ১১ বিলিয়ন ডলারের মুনাফা করা ঠিক নয়।’