ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান অবশ্যই বিশ্বকাপ খেলবে: ফিফা সভাপতি ইনফান্তিনো

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ১২:১০:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ১২:১০:০৫ অপরাহ্ন
ইরান অবশ্যই বিশ্বকাপ খেলবে: ফিফা সভাপতি ইনফান্তিনো

ইরান অবশ্যই বিশ্বকাপ খেলবে: ফিফা সভাপতি ইনফান্তিনো

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি বিবৃতিতে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল। ‘শত্রু’ দেশে দল পাঠাবে না জানিয়ে ভেন্যু বদলানোর দাবি জানায় ইরান। যদিও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো শুরু থেকেই যুক্তরাষ্ট্রে ইরানের বিশ্বকাপ খেলার ব্যাপারে আশা প্রকাশ করছেন। গতকাল বুধবার সম্প্রচারক সংস্থা সিএনবিসি আয়োজিত অর্থনৈতিক সম্মেলনেও একই কথা বলেছেন ইনফান্তিনো।
ফিফা সভাপতি বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চললেও ইরান নিশ্চিতভাবেই ২০২৬ বিশ্বকাপে অংশ নেবে। তাঁর ভাষায়, ‘ইরান অবশ্যই (বিশ্বকাপে) আসবে। আমরা আশা করি, তখন পরিস্থিতি শান্ত থাকবে, তাতে সবার জন্যই ভালো হবে।’
ইরানের বিশ্বকাপ খেলার যৌক্তিকতা তুলে ধরে ইনফান্তিনো আরও বলেন, ‘ইরানকে আসতেই হবে। তারা তাদের জনগণের প্রতিনিধিত্ব করে, তারা যোগ্যতা অর্জন করেছে, খেলোয়াড়েরাও খেলতে চায়। খেলাধুলা রাজনীতির বাইরে থাকা উচিত। যদি অন্য কেউ সেতুবন্ধ তৈরি ও তা ধরে রাখার বিশ্বাস না রাখে, তবে আমরা সেই দায়িত্বটাই পালন করব।’
ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটির ওপর হামলা চালানোর পর। ইরান শুরুতে টুর্নামেন্টটি ‘বয়কট’ করার সিদ্ধান্ত নিয়েছিল। এমন অনিশ্চয়তার মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে ইরানি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কার ইঙ্গিত দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন। তিনি বলেছিলেন, ‘ইরান জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপে স্বাগত। কিন্তু তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার কথা বিবেচনা করলে সেখানে থাকা তাদের জন্য উপযুক্ত হবে বলে আমি সত্যিই মনে করি না।’

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ