ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধ জুটমিল চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০২:৫৪:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০২:৫৪:৪৭ অপরাহ্ন
বন্ধ জুটমিল চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম।



নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশের বন্ধ থাকা জুটমিলগুলো পুনরায় চালুর কাজ শুরু করতে যাচ্ছে সরকার। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে নরসিংদীর পলাশে অবস্থিত বন্ধ ঘোষিত ‘কো-অপারেটিভ জুট মিল’ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম।



প্রতিমন্ত্রী বলেন, সরকারি বা বেসরকারি—যেকোনো ব্যবস্থাপনায় বন্ধ জুটমিলগুলো সচল করতে বর্তমান সরকার সচেষ্ট রয়েছে। নরসিংদীর দুটি মিলসহ সারাদেশের বন্ধ কারখানাগুলো পর্যায়ক্রমে চালু করা হবে। এসব কারখানায় দেশি-বিদেশি উদ্যোক্তাদের আকৃষ্ট করার চেষ্টা চলছে, যাতে নতুন করে কর্মসংস্থান সৃষ্টি হয়।

বিগত সরকারের আমলে কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ায় বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এই খাতে অতীতে হওয়া লুটপাট ও দুর্নীতির বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। দায়িদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও ইঙ্গিত দেন তিনি।

কো-অপারেটিভ জুট মিল পরিদর্শন ছাড়াও প্রতিমন্ত্রী পলাশ উপজেলার ঘোড়াশালে অবস্থিত ‘বাংলাদেশ জুট মিল’ এবং ‘প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার কবির উদ্দিন সিকদার, মুখ্য পরিচালন কর্মকর্তা মামুনুর রশিদ, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কারখানাগুলো চালুর প্রক্রিয়া ত্বরান্বিত করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ