ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কাছের মানুষই শক্র, ভুয়া আইডির সঙ্গে যুক্ত থাকবেন না: ফারুক আহমেদ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২২-০৪-২০২৬ ১১:৩৭:২৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ২২-০৪-২০২৬ ১১:৩৭:২৯ পূর্বাহ্ন
কাছের মানুষই শক্র, ভুয়া আইডির সঙ্গে যুক্ত থাকবেন না: ফারুক আহমেদ

হুমায়ূন আহমেদের নাটকের অবিচ্ছেদ্য অংশ ছিলেন অভিনেতা ফারুক আহমেদ। তার হাস্যরস আর সাবলীল অভিনয়ে মুগ্ধ হয়েছেন যুগের পর যুগ দর্শক। এখনো মাঝে মাঝে পর্দায় দেখা মেলে তার। তবে এবার কোনো নাটক বা সিনেমার খবরে নয় বরং ভার্চুয়াল জগতে আপন মানুষের বিশ্বাসঘাতকতার শিকার হয়ে খবরের শিরোনাম হলেন এই গুণী অভিনেতা। সম্প্রতি এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন তার দীর্ঘদিনের পুরোনো ফেসবুক পেজ ও আইডি বন্ধ হয়ে যাওয়ার পেছনের আসল রহস্য।

সম্প্রতি এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেছেন তার আগের ফেসবুক পেজ বন্ধ হওয়ার পেছনে ছিল তারই পরিচিত কিছু মানুষ। যাদের তিনি কাছের মানুষ উল্লেখ করে বলেন, ‘আমার কাছের মানুষই শত্রু, তারা অভিযোগ দিয়ে ফেসবুক পেজ বন্ধ করেছে।’

পোস্টে এই অভিনেতা জানান, প্রায় দেড় বছর আগে হঠাৎ করেই একটি অভিযোগের ভিত্তিতে তার ৬ লাখ অনুসারীর ফেসবুক পেজ ও ৩ লাখ অনুসারীর আইডি বন্ধ হয়ে যায়। এই ঘটনায় বেশ অবাক হয়ে যান তিনি। এ নিয়ে তিনি বলেন, ‘বছর দেড়েক আগে আমার ফেসবুক প্রোফাইল ও পেজ আমার পরিচিত লোক মেটায় অভিযোগ করে বন্ধ করে দেন, যে ছিলেন আমার ঘনিষ্ঠ।’

বিশ্বাসঘাতকতার এই বিষয়টি টের পেলেও কাউকে কিছু বুঝতে দেননি তিনি। এ প্রসঙ্গে ফারুক বলেন, ‘কারা এই অভিযোগ করেছিলেন এবং কেন করেছিলেন তা আমি পরে জেনেছি। কিন্তু কখনোই আমি তাদের কিছু বলিনি। এমনকি তাদের কোনো কিছু বুঝতেও দিইনি। তারা ছিলেন আমারই কাছের। মানুষকে চেনা আসলে কঠিন। আমি বুঝতে পেরেছি। এটাও বুঝতে পেরেছি, তারা আমার কেন ক্ষতি করেছেন।’

পরবর্তী সময়ে নতুন করে আবার ফেসবুকে ফেরেন এই অভিনেতা। তার নতুন এই পথচলায় অল্প সময়েই যুক্ত হন আড়াই লাখ ভক্ত। ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই অভিনেতা বলেন, ‘এখন ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য ফেসবুক খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম। যে কারণে পেজটি উদ্ধার করতে না পেরে নতুন ফেসবুক প্রোফাইল খুলেছি। আমার বিশ্বাস ছিল, দেশের মানুষ আমাকে ভালোবাসেন। মাত্র কয়েক মাসের মধ্যে আমার এই নতুন প্রোফাইলে আজ সকাল পর্যন্ত ২ লাখ ৫০ হাজার অনুসারী যুক্ত হয়েছেন।’

একই সঙ্গে ভক্তদের সতর্কও করেছেন তিনি। ফারুক আহমেদ আরও বলেন, ‘এখনো কেউ কেউ আমার নামে ভুয়া ফেসবুক আইডি তৈরি করে ইমেজ ক্ষুণ্ণ করতে চান। এমনকি কোনো কোনো আইডি থেকে ভক্তদের কাছে ভুল তথ্যও ছড়ানো হচ্ছে।’

সবশেষে তাদের উদ্দেশে এই অভিনেতা বলেন, ‘আমার ভুয়া আইডির সঙ্গে কেউ যুক্ত থাকবেন না।’

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ