একদিনে হামে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে ১২২৯
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২২-০৪-২০২৬ ০৬:১৭:১৮ অপরাহ্ন
আপডেট সময় :
২২-০৪-২০২৬ ০৬:১৭:১৮ অপরাহ্ন
একদিনে হামে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে ১২২৯
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২৯ জন শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২২৯ শিশুর মধ্যে।
বুধবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে সারাদেশে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৭ হাজার ৯৯৮ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত শিশুর সংখ্যা তিন হাজার ৯৩৪ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৪ হাজার ৮৯২টি শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচটি শিশিই হাম উপসর্গ নিয়ে মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৩৮ ও এর উপসর্গ নিয়ে ১৯০টি শিশুর মৃত্যু হয়েছে।
বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে (৫৬২ জন)। এরপরই রয়েছে রাজশাহী (১৯৩ জন) ও চট্টগ্রাম (১৯৬ জন) ।
গত ২৪ ঘণ্টার বিভাগভিত্তিক সংক্রমণের তালিকায় দেখা গেছে- বরিশালে ১১২, চট্টগ্রামে ১৯৬, ঢাকা ৫৬২, খুলনা ৬৭, ময়মনসিংহ ১১, রাজশাহী ১৯৩, রংপুর ৪১ এবং সিলেটে ৪৭টি শিশু হামে আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। সন্দেহভাজন রোগীদের দ্রুত হাসপাতালে ভর্তি এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি টিকাদান কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
গত ১৮ এপ্রিল ঢাকায় এক অনুষ্ঠানে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) উপদেষ্টা ডা. মুশতাক হোসেন জানিয়েছেন, দেশে হামের পরিস্থিতি এখন ‘মহামারী’ আকার ধারন করেছে। এই সঙ্কট মোকাবিলায় অবিলম্বে দেশজুড়ে গণটিকাদান কর্মসূচি চালুর দাবি জানিয়েছেন তিনি।
অপরদিকে, একইদিন এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুটি সরকার সময়মতো হামের টিকা না দিয়ে ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে।
সারাদেশে হামের বর্তমান প্রাদুর্ভাবের জন্য পূর্ববর্তী সরকারগুলোর গাফিলতিকে দায়ি করে তারেক রহমান বলেন, সময়মতো শিশুদের হামের টিকা না দেওয়া একটি ক্ষমার অযোগ্য অপরাধ। সেই অবহেলার মাশুল এখন দেশবাসীকে দিতে হচ্ছে। তবে আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পর এই সঙ্কট মোকাবিলায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
২২ এপ্রিল জাতীয় সংসদ অধিবেশন চলাকালীন প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় শিশুদের হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি।
তিনি বলেন, ইউনিসেফ আমাদের অনেক হেল্প করেছে। তারা হামের যে ভ্যাক্সিনেশন, সেটি খুব দ্রুততার সঙ্গে পাঠিয়েছে। ফলে আমরা ওষুধগুলো পেয়েছি। প্রায় দুই কোটি শিশুকে এই হামের ভ্যাক্সিনেশন আমরা দেবো।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স