মাঠে লুটিয়ে পড়ে নাইজেরিয়ার সাবেক স্ট্রাইকারের মৃত্যু
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৫-০৪-২০২৬ ১০:৫৯:৫৩ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৫-০৪-২০২৬ ১০:৫৯:৫৩ পূর্বাহ্ন
নাইজেরিয়ার ফুটবল অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রীতি ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে মাঠেই প্রাণ হারিয়েছেন দেশটির সাবেক স্ট্রাইকার মাইকেল এনারামো।
শুক্রবার (২৪ এপ্রিল) কাদুনায় অনুষ্ঠিত এক ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরুর কয়েক মিনিট পরই আকস্মিকভাবে মাটিতে লুটিয়ে পড়েন ৪০ বছর বয়সী এই ফুটবলার। সঙ্গে সঙ্গে মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং দ্রুত তাকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। তবে সব চেষ্টা ব্যর্থ করে হাসপাতালে পৌঁছানোর পর তাকে মৃত ঘোষণা করা হয়।
নাইজেরিয়া ফুটবল ফেডারেশন (এনএফএফ) এক বিবৃতিতে এনারামোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। জানানো হয়েছে, কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
জাতীয় দলের হয়ে ২০০৯ থেকে ২০১১ সালের মধ্যে ১০টি ম্যাচ খেলেছিলেন এনারামো। ক্লাব ক্যারিয়ারে তিনি তিউনিসিয়া, আলজেরিয়া, সৌদি আরব ও তুরস্কের বিভিন্ন ক্লাবে খেলেছেন। তুরস্কের শীর্ষ ক্লাব বেসিকতাস তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
এনারামোর ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলোর একটি আসে ২০১০ বিশ্বকাপ বাছাইপর্বে। তিউনিসিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তার করা গোল নাইজেরিয়াকে ২-২ ড্র এনে দেয়, যা দলটির বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তবে দুর্ভাগ্যজনকভাবে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সেই বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা হয়নি তার। তবুও দেশের ফুটবলে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স