ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​প্রতিপক্ষের খেলোয়াড়কে ঘুষি মেরে বড় নিষেধাজ্ঞা পাচ্ছেন আর্জেন্টাইন গোলরক্ষক

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৮-০৪-২০২৬ ০১:১৮:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৪-২০২৬ ০১:১৮:৫০ অপরাহ্ন
​প্রতিপক্ষের খেলোয়াড়কে ঘুষি মেরে বড় নিষেধাজ্ঞা পাচ্ছেন আর্জেন্টাইন গোলরক্ষক

ঘটনা স্পেনের দ্বিতীয় বিভাগের এক ম্যাচের। রোববার রিয়াল জারাগোজা ও এসডি হুয়েস্কার মধ্যে দেখা গেল এক উত্তপ্ত ডার্বি ম্যাচ। যেখানে নিজের ওপর নিয়ন্ত্রণ হারান জারাগোজার আর্জেন্টাইন গোলরক্ষক এস্তেবান আন্দ্রাদা। তিনি প্রথমে প্রতিপক্ষ দলের জর্জ পুলিদোকে ধাক্কা দিয়ে ফেলে দেন, যার ফলে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

তবে সেখানেই থেমে থাকেননি আন্দ্রাদা। মাঠ ছাড়ার আগে ক্ষোভে ফেটে পড়ে তিনি আবার দৌড়ে এসে পুলিদোর মুখে ঘুষি মারেন। এতে করে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উভয় দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। খবর আল-জাজিরার।

এই ঘটনাকে ‘সম্পূর্ণ উন্মাদনা’ বলে আখ্যা দেওয়া হচ্ছে। আন্দ্রাদা এখন দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছেন। এই ঘটনার জেরে আরও দুই খেলোয়াড়; হুয়েস্কার গোলরক্ষক দানি জিমেনেজ এবং জারাগোজার দানি তাসেন্দেকে লাল কার্ড দেখেন। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হুয়েস্কা।

মেক্সিকান ক্লাব মন্তেরেই থেকে ধারে খেলতে আসা আন্দ্রাদা এই ঘটনার জন্য সর্বোচ্চ ১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন। এর সঙ্গে লাল কার্ডের কারণে স্বাভাবিকভাবেই এক ম্যাচের নিষেধাজ্ঞা যোগ হবে। ঘটনার পর এক বিবৃতিতে জারাগোজা জানায়, ‘আমরা এমন দৃশ্য দেখেছি যা এই খেলার সঙ্গে মোটেও মানানসই নয় এবং কখনোই ঘটার কথা নয়। এই ঘটনা আমাদের অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ম্যাচকে কলঙ্কিত করেছে, যা একেবারেই অগ্রহণযোগ্য।’

ক্লাবটি আরও জানায়, আন্দ্রাদার বিষয়ে তারা ঘটনার পূর্ণ বিশ্লেষণ করে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেবে। উল্লেখ্য, বর্তমানে জারাগোজা ও হুয়েস্কা দুই দলই রেলিগেশন জোনে রয়েছে এবং স্পেনের তৃতীয় স্তরের লিগে নেমে যাওয়ার ঝুঁকিতে আছে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ