রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট দিপুসহ গ্রেফতার ৪
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৩-০৫-২০২৬ ০৮:৪৬:৪৪ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-০৫-২০২৬ ০৮:৪৬:৪৪ অপরাহ্ন
আসামি কাজী আশরাফুল
মোঃ কামরুল ইসলাম , রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:-
রাঙ্গামাটি জেলা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত মাদক সম্রাট ও ১২ মামলার আসামি কাজী আশরাফুল আজম ওরফে দিপুসহ চারজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। মঙ্গলবার (১২ মে) শহরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। শহরের তবলছড়ি, অফিসার্স কলোনী এবং মানিকছড়ি চেকপোস্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই বিশেষ তৎপরতা চালানো হয়।
অভিযানে গ্রেফতারকৃত আসামিরা হলেন।
১. কাজী আশরাফুল আজম ওরফে দিপু (৪০): তবলছড়ি ওয়াপদা কলোনী এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, তিনি একজন কুখ্যাত মাদক সম্রাট এবং শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ অন্তত ১২টি মামলা রয়েছে।২. ইউসুফ হাসান রতন (৩৪): শান্তি নগর এলাকার বাসিন্দা। তাকে ২৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তিনি দিপুর মাদক ব্যবসায় অন্যতম সহযোগী হিসেবে পরিচিত।৩. দয়াল মনি চাকমা (৪২): কোতোয়ালী থানার বদিপুর এলাকার বাসিন্দা। মাদক বিক্রির সময় তাকে চোলাই মদসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।৪. মোহাম্মদ ইসমাইল (৩২): রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা। তিনি যৌতুক নিরোধ আইনের একটি মামলায় (সিআর- ৫১৯/২৬) পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।
কোতোয়ালী থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে কাজী আশরাফুল আজম দিপু দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে তবলছড়ি ও মানিকছড়ি এলাকায় ওত পেতে থেকে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।এ বিষয়ে রাঙ্গামাটি জেলা পুলিশ জানায়, জেলায় মাদক নির্মূল এবং সন্ত্রাস দমনে এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স