ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​বিশ্বকাপের আগে জাতীয় দলকে বিদায় জানাল ইরান

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৪:৩৩:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৪:৩৩:৫৩ অপরাহ্ন
​বিশ্বকাপের আগে জাতীয় দলকে বিদায় জানাল ইরান
যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে নানা শঙ্কা থাকা সত্ত্বেও, এক বর্ণিল ও আবেগঘন অনুষ্ঠানের মাধ্যমে ইরান জাতীয় ফুটবল দলকে বিদায় জানাল দেশটির হাজারো সমর্থক। বুধবার রাতে তেহরানের এঙ্গহেলাব স্কয়ারে আয়োজিত এই অনুষ্ঠানে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, ফুটবল ফেডারেশনের প্রতিনিধি এবং সংস্কৃতিকর্মীদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।

জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে দেখা করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা কেবল একটি ফুটবল দল নন; আপনারা বিশ্বের চোখে ইরানি জাতির আশা, মর্যাদা, ঐক্য এবং সংকল্পের প্রতিনিধি। জয় অবশ্যই মূল্যবান, কিন্তু পরাজয়েও যেন লড়াই করার মানসিকতা এবং মর্যাদা অটুট থাকে।’

বুধবার রাতের অনুষ্ঠানে মঞ্চ থেকে খেলোয়াড়রা যখন দেশাত্মবোধক বক্তব্য দিচ্ছিলেন, তখন উপস্থিত জনতা তাদের উল্লাসে ভাসিয়ে দেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ২০২৬ বিশ্বকাপের জন্য ইরানের অফিসিয়াল জার্সি উন্মোচন। জার্সিতে বরাবরের মতোই স্থান পেয়েছে ইরানের ঐতিহ্যবাহী প্রতীক ‘এশীয় চিতা’। পাশাপাশি জনপ্রিয় শিল্পী পারভাজ হোমায় ইরানের অফিশিয়াল বিশ্বকাপ থিম সং পরিবেশন করেন, যার সাথে কণ্ঠ মেলান উপস্থিত হাজারো ফুটবল অনুরাগী।

নিহত ছাত্র ও শহীদদের স্মরণে এই বিশ্বকাপ মিশনে ইরানের প্রতিনিধি দলের নাম রাখা হয়েছে ‘মিনাব ১৬৮’। ক্যাপ্টেন এহসান হাজসাফি দলের পক্ষ থেকে অঙ্গীকার করেন যে, তারা ইরানের সম্মান রক্ষায় জানপ্রাণ দিয়ে লড়াই করবেন।

ইরানি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহেদি তাজ বলেন, ‘গত চারটি বিশ্বকাপ অভিযানের মধ্যে এটিই সেরা বিদায়ী সংবর্ধনা।’ তিনি আরও যোগ করেন, ‘খেলোয়াড়রা জনগণের সাথে আছে এবং জনতা দেশের মর্যাদা, সম্মান ও শক্তির পাশে দাঁড়িয়েছে। ফলাফল যাই হোক না কেন, সেখানে যেন ইরানের পতাকা উড্ডীন থাকে এবং তা রক্ষা করা হয়।’

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ