ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​দল ঘোষণার আগে নেইমারকে নিয়ে পাওয়া গেল যে খবর

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০২:১৬:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০২:১৬:৪৭ অপরাহ্ন
​দল ঘোষণার আগে নেইমারকে নিয়ে পাওয়া গেল যে খবর
ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার ঠিক আগে নেইমারকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে ওঠার পর নিজেকে পুরোপুরি ফিট দাবি করেছেন এই ব্রাজিলিয়ান তারকা। একই সঙ্গে সান্তোসের সর্বশেষ ম্যাচে রেফারির ভুলে বদলি হওয়ার ঘটনায় ক্ষোভও প্রকাশ করেছেন তিনি।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আজ আসন্ন বিশ্বকাপের জন্য দল ঘোষণা করবেন। এর আগে জাতীয় দলে ফেরার প্রত্যাশা নিয়ে নিজের ফিটনেস ও প্রস্তুতির কথা জানিয়েছেন নেইমার।

রোববার (১৭ মে) কোরিটিবার কাছে সান্তোসের ৩-০ গোলের হারের ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘শারীরিকভাবে আমি খুব ভালো অনুভব করছি। প্রতিটি ম্যাচে উন্নতি করছি। এখানে পৌঁছাতে আমাকে অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমার শারীরিক অবস্থা নিয়ে অনেক আজেবাজে কথা বলা হয়েছে। মানুষ যেভাবে এসব নিয়ে কথা বলে, তা সত্যিই কষ্ট দেয়। কিন্তু আমি কাজ চালিয়ে গেছি এবং এখন নিজের পারফরম্যান্সে খুশি।’

‘যাই ঘটুক না কেন, আনচেলত্তি অবশ্যই এই লড়াইয়ের জন্য সেরা ২৬ জন খেলোয়াড়কেই ডাকবেন,’ যোগ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ম্যাচটিতে একটি বিতর্কিত ঘটনার জন্ম হয় ৬৫তম মিনিটে। পায়ের কাফে স্প্রে দিয়ে প্রাথমিক চিকিৎসা নিতে সাময়িকভাবে মাঠের বাইরে ছিলেন নেইমার। এ সময় চতুর্থ অফিশিয়াল ভুল করে তার জার্সি নম্বর দেখিয়ে বদলির সংকেত দেন। পরে তার পরিবর্তে মাঠে নামেন রবিনহো জুনিয়র।

যদিও বদলি হওয়ার কথা ছিল গঞ্জালো এসকোবারের। বিষয়টি বুঝতে পেরে মাঠে ফেরার চেষ্টা করেন নেইমার। কিন্তু রেফারি তাকে মাঠ ছাড়ার নির্দেশ দেন। এতে ক্ষুব্ধ হয়ে ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। প্রতিবাদের এক পর্যায়ে তাকে হলুদ কার্ডও দেখানো হয়।

পরে বদলির স্লিপ ক্যামেরার সামনে তুলে ধরে নেইমার দেখানোর চেষ্টা করেন যে, ভুলবশত তাকেই মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। শেষ পর্যন্ত অধিনায়কের আর্মব্যান্ড খুলে সতীর্থের হাতে তুলে দিয়ে মাঠ ছাড়েন তিনি।

ঘটনার পর এক বিবৃতিতে সান্তোস জানায়, খেলোয়াড় বদলির ক্ষেত্রে চতুর্থ অফিশিয়াল ভুল করেছেন। টেলিভিশন সম্প্রচার এবং অফিসিয়াল নোটেও বিষয়টি স্পষ্ট হয়েছে বলে দাবি ক্লাবটির।

তবে স্বস্তির খবর হলো, ম্যাচে নেইমার কোনো নতুন চোট পাননি। কাফে স্প্রে দিয়ে সাধারণ চিকিৎসা নেওয়াকে বড় কোনো ইনজুরি নয় বলেই ধরা হচ্ছে।

৩৪ বছর বয়সী নেইমার ২০২৩ সালের পর থেকে ইনজুরির কারণে ব্রাজিলের হয়ে খেলেননি। হাঁটুর অস্ত্রোপচারের পর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। বিশ্বকাপের আগে জাতীয় দলে জায়গা পাওয়ার লক্ষ্য নিয়ে সম্প্রতি সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদও বাড়িয়েছেন এই তারকা ফরোয়ার্ড।

আগামী বিশ্বকাপে ব্রাজিল গ্রুপ ‘সি’-তে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের মুখোমুখি হবে। টুর্নামেন্টে ব্রাজিলের অভিযান শুরু হবে ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ