ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​গণহত্যার দায়ে জামায়াত-আ.লীগ একই সূত্রে গাঁথা: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০২:৩২:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০২:৩২:২৯ অপরাহ্ন
​গণহত্যার দায়ে জামায়াত-আ.লীগ একই সূত্রে গাঁথা: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন



মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বিএনপির বিরুদ্ধে কোনো গণহত্যার অভিযোগ নেই। আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে এবং জামায়াত ইসলামীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে। এই দুইটা একই জিনিস, এদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে।

বুধবার সন্ধ্যায় নোয়াখালীর চাটখিল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা পরাণ চৌধুরী,

উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ, পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, সাবেক আহ্বায়ক দেওয়ান সামছুল আরেফিন শামিম, সদস্য সচিব এহসানুল হক মাসুদ, সাবেক ছাত্রনেতা চৌধুরী প্রমুখ।

এদিকে দুপুরে সোনাইমুড়িতে নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা পরান চৌধুরী, সোনাইমুড়ী পৌর বিএনপির আহ্বায়ক মোতাহের হোসেন মানিক, উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন, সদস্যসচিব কুতুব উদ্দিন সানি,

যুগ্ম আহ্বায়ক মাসুদের রহমান, পৌর বিএনপির সদস্য সচিব রেজায়ে রাব্বী মাহাবুব, উপজেলা বিএনপির সদস্য মো. ওমর ফারুক, যুবদল নেতা ওমর শরীফ সোহাগ, জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান প্রমুখ।

তিনি বলেন, একাত্তরের পরে ২৪-এর যে গণঅভ্যুত্থান হয়েছে এটি ছিল একটা জনমানুষের আন্দোলন। এই কৃতিত্বের দাবিদার আমরা সকলেই। যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘ সতের বছর আন্দোলন, সংগ্রাম লড়াই করেছে। আমাদের নেতা ইলিয়াছ আলী চলে গিয়েছে। আজ পর্যন্ত তার কোনো হদিস পায়নি।

চৌধুরী আলমের মতো নেতাকে গুম করে ফেলা হয়েছে। কয়েক হাজারের ওপরে মানুষকে গুম করে ফেলা হয়েছে, হত্যার শিকার হয়েছে। তাদের রক্তের কি কোনো মূল্য নেই? তাদের রক্তের কি আমরা কোন শ্রদ্ধা জানাব না? আমাদের এত ভাই শহীদ হয়েছে, সতের বছর ধরে আন্দোলন করেছে।

প্রতিমন্ত্রী অভিযোগ করে বলেন, ৫ তারিখের পরে এসে আমরা বলি নাই ২৪-এর গণঅভ্যুত্থান আমাদের একক কৃতিত্ব। এটা আমরা কোনো দিন বলি নাই বলবও না। কোনো কিছুর কৃতিত্ব নেওয়ার জন্য আমরা লড়াই আন্দোলন সংগ্রাম করি নাই। বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি যখন জুলুমের সীমা অতিক্রম করে গিয়েছিল তখনই আমরা সেটার বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আন্দোলন করেছি।

মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়ে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করা হবে। জাতীয় জনজীবনে প্রত্যেকটি কাজে একাত্তরের মূল লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করে যাব। একটি দল মুক্তিযুদ্ধকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে, আরেকটি দল ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে নিজেদের অর্জন হিসেবে প্রতিষ্ঠা করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়।

ইশরাক হোসেন বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানেও বহু মুক্তিযোদ্ধার সন্তান রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করেছে। গুলির মুখে দাঁড়িয়ে তারা আন্দোলন সংগ্রামকে সফল করার জন্য সর্বোচ্চ ত্যাগ করেছে এটা আমাদের মনে রাখতে হবে। আওয়ামী লীগের কতিপয় নেতৃবৃন্দ একাত্তর সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ করে নাই, তারা ওই পারে ছিল।

তারা এটাকে ব্যবহার করে বাংলাদেশকে লুটপাট করেছে। এই পার্থক্যটা আমাদের নতুন প্রজম্মকে স্পষ্টভাবে বুঝিয়ে দিতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে কথা বললে, মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে, একাত্তরকে অসম্মান করলে তাদেরকে আমরা কঠোর জবাব দেওয়ার জন্য প্রস্তত রয়েছি।

আমরা চাই দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম লড়াইয়ের পর আর যেন জাতিকে বিভক্ত করা না হয়। বিগত সতের বছর জাতিকে বিভক্ত করে ফেলা হয়েছিল। এই বিভক্তি দূর করে দেশকে ঐক্যবদ্ধ করে সুখি, সমৃদ্ধশালী দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে হবে।

ইশরাক হোসেন আরও বলেছেন, বিগত ১৭ বছর একটি দল মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে ও ব্যক্তিগত সম্পদ বানিয়ে গণতন্ত্রকে হত্যা করে লুটপাট করে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল।

মুক্তিযুদ্ধকে আমরা ধারণ করি। মুক্তিযুদ্ধের বিপক্ষে যদি কোনো দল বা ব্যক্তি, যেই হোক না কেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অসম্মান করার চেষ্টা করে, তাহলে প্রয়োজনে আরেকটি গণঅভ্যুত্থান হবে। কিন্তু মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে অসম্মান করতে দেওয়া হবে না।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ