জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের আমরণ অনশন শুরু।
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৫-০৬-২০২৬ ০১:৫৭:০২ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-০৬-২০২৬ ০১:৫৭:০২ অপরাহ্ন
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যফ্রন্ট
মোঃ নুরুল ইসলাম খোকন।
বিশেষ প্রতিনিধি:
ঢাকা, ১৫ জুন ২০২৬:
জাতীয়করণের একদফা দাবিতে রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন "স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যফ্রন্ট"-এর শিক্ষকরা। দীর্ঘদিন ধরে বেতন-ভাতা বঞ্চিত ও চরম বৈষম্যের শিকার শিক্ষকরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ জানান, দেশের হাজার হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা দীর্ঘদিন ধরে কোনো প্রকার সরকারি আর্থিক সুবিধা ছাড়াই শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছেন।
প্রাথমিক বিদ্যালয়ের মতো দেশের সকল বৈধ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে অবিলম্বে জাতীয়করণ করতে হবে।
কোডপ্রাপ্ত মাদ্রাসাগুলোর শিক্ষকদের সরকারি বেতন কাঠামোর আওতায় এনে স্থায়ী বেতন স্কেল নির্ধারণ করা।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যেসব সরকারি সুযোগ-সুবিধা পান, সমমানের ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদেরও সেই সমান অধিকার নিশ্চিত করা।
"আমরা বছরের পর বছর ধরে বিনা বেতনে কোমলমতি শিক্ষার্থীদের আলো ছড়াচ্ছি। কিন্তু আমাদের নিজেদের ঘরে আজ আলো জ্বলছে না। পরিবার-পরিজন নিয়ে আমরা মানবেতর জীবনযাপন করছি। এর আগেও আমরা বহুবার শান্তিপূর্ণ কর্মসূচি ও স্মারকলিপি দিয়েছি, কিন্তু শুধু আশ্বাস ছাড়া আর কিছুই পাইনি। এবার দাবি আদায় না করে আমরা ঘরে ফিরব না।"
আজ সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে আগত শত শত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ব্যানার, ফেস্টুন হাতে প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন।
রোদ-বৃষ্টি উপেক্ষা করে তারা ফুটপাতে অবস্থান নিয়েছেন। শিক্ষকদের এই যৌক্তিক আন্দোলনে সংহতি প্রকাশ করছেন বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
শিক্ষকরা জানিয়েছেন, যতক্ষণ না সরকারের উচ্চপর্যায় থেকে তাদের দাবি পূরণের সুনির্দিষ্ট ও লিখিত আশ্বাস দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই আমরণ অনশন কর্মসূচি অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স