ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬ , ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় প্রেসক্লাবে কবি ও সাংবাদিক আল মুজাহিদীর তৃতীয় জানাজা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-০৬-২০২৬ ০৩:৫৮:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৬-২০২৬ ০৩:৫৮:০৫ অপরাহ্ন
জাতীয় প্রেসক্লাবে কবি ও সাংবাদিক আল মুজাহিদীর তৃতীয় জানাজা অনুষ্ঠিত আল মুজাহিদীর
বিশেষ প্রতিনিধি : মোঃ নুরুল ইসলাম খোকন। ২০ জুন, ২০২৬ ​একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কবি, বীর মুক্তিযোদ্ধা, গবেষক এবং দৈনিক ইত্তেফাকের সাবেক সাহিত্য সম্পাদক আল মুজাহিদীর তৃতীয় নামাজে জানাজা আজ শনিবার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ১২টা ১২ মিনিটের দিকে এই জানাজা অনুষ্ঠিত হয়। ​জানাযায় জাতীয় প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষস্থানীয় সাংবাদিক, সাহিত্যিক এবং মরহুমের দীর্ঘদিনের সহকর্মীরা অংশ নেন। জানাজা শুরুর আগে তাঁর কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করা হয় এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ​এর আগে, গতকাল শুক্রবার বাদ এশা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা এবং রাত সাড়ে ১০টায় উত্তরা ১০ নম্বর সেক্টর জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। উত্তরার জানাজায় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ​পারিবারিক সূত্রে জানা গেছে, জাতীয় প্রেসক্লাবে তৃতীয় জানাজা শেষে কবির মরদেহ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নিয়ে যাওয়া হবে। সেখানে বাদ জোহর সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হওয়ার পর তাঁকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। ​উল্লেখ্য, বর্ষীয়ান এই কবি ও সাংবাদিক বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে গত শুক্রবার (১৯ জুন) দুপুর ১টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে দেশের সাহিত্যাঙ্গন ও সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ