ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​ ‘সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া শ্যোন অ্যারেস্ট নয়’ আদেশ স্থগিত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ১২:৫৮:২১ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ১২:৫৮:২১ অপরাহ্ন
​ ‘সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া শ্যোন অ্যারেস্ট নয়’ আদেশ স্থগিত



সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো আসামিকে অন্য কোনো মামলায় গ্রেপ্তার বা ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো যাবে না মর্মে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে বিষয়টি নিয়ে হাইকোর্টের জারি করা রুলটি চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।


বুধবার (২৯ জুলাই) আপিল বিভাগের সংশ্লিষ্ট বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রুলে জানান, সুনির্দিষ্ট কোনো মামলা বা অভিযোগ ছাড়া কাউকে গ্রেপ্তার বা শ্যোন অ্যারেস্ট করা যাবে না। একই সঙ্গে এই বিষয়ে কেন একটি স্থায়ী নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়েও রুল জারি করা হয়েছিলো। হাইকোর্টের সেই রুল ও স্থগিতাদেশের ওপর শুনানি শেষে আপিল বিভাগ এই সিদ্ধান্ত দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, হাইকোর্টের দেওয়া আগের ওই আদেশের ফলে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর স্বাধীন তদন্ত ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিলো। কারণ এমন নিয়ম বজায় থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমান বা তথ্য থাকা সত্ত্বেও তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়ার পথ রুদ্ধ হয়ে যেতো।

তিনি আরও জানান, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নতুন কোনো মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন আদালত।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ