পরিচ্ছন্ন ঢাকার বার্তা ৭৫ ওয়ার্ডে
একযোগে ‘ক্লিনিং ডে’, ব্যতিক্রমী বর্জ্য শোভাযাত্রা; নাগরিক সচেতনতার ওপর জোর ডিএসসিসির
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০১-০৮-২০২৬ ০১:৪৪:২৮ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০৮-২০২৬ ০১:৪৪:২৮ অপরাহ্ন
জাহিদুল আলম
ঢাকা রাজধানীকে পরিচ্ছন্ন, সবুজ ও জলাবদ্ধতামুক্ত নগরীতে পরিণত করার লক্ষ্যে মাসের প্রথম শনিবার ৭৫টি ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’ পালন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। একই সঙ্গে নাগরিকদের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতে শাহবাগ থেকে বের করা হয় ব্যতিক্রমধর্মী ‘বর্জ্য শোভাযাত্রা’। পরিচ্ছন্নতা অভিযান, মশা নিয়ন্ত্রণ, ড্রেন পরিষ্কার এবং জনসচেতনতা কার্যক্রমকে একসঙ্গে যুক্ত করে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
শনিবার কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, নাগরিকদের সচেতনতা ও দায়িত্বশীল আচরণ ছাড়া পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়া সম্ভব নয়। তাঁর ভাষায়, শুধু সিটি কর্পোরেশনের একার পক্ষে বর্জ্য, জলাবদ্ধতা ও পরিবেশ দূষণের মতো বড় চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়; এ জন্য প্রয়োজন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ।
প্রশাসক বলেন, রাজধানীর জলাবদ্ধতার পেছনে অনেক সময় মানুষের অসচেতনতাই বড় কারণ হয়ে দাঁড়ায়। একটি পলিথিন বা একটি ম্যাট্রেস ড্রেনের মুখ আটকে দিলে পুরো এলাকায় পানি জমে যেতে পারে। তাই নালা-নর্দমা ও ড্রেনে কোনো ধরনের বর্জ্য না ফেলার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন স্থানে ডাস্টবিন চুরির ঘটনা ঘটলেও সরকার পুনরায় ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নিয়েছে। ফলে যত্রতত্র বর্জ্য ফেলার কোনো যুক্তি নেই। ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে বর্জ্য রাখার জন্য বিন স্থাপনেরও আহ্বান জানান তিনি।
ডিএসসিসি প্রশাসক জানান, মাসের প্রথম শনিবারকে কেন্দ্র করে ৭৫টি ওয়ার্ডে মশা নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ চালু করা হয়েছে। এর আওতায় নিয়মিত পরিচ্ছন্নতার পাশাপাশি অপরিষ্কার এলাকা, বন্ধ ড্রেন ও ঝুঁকিপূর্ণ স্থান পরিষ্কার করা হবে। এ কার্যক্রমে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণও নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আমি যদি বদলাই, তাহলে ঢাকা শহর বদলাবে।” কার্বন নিঃসরণ কমানো এবং নগরের পরিবেশগত ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্জ্য শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা সাধারণ মানুষের মধ্যে জলাবদ্ধতার কারণ, প্লাস্টিক দূষণের ক্ষতি এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. জামাল উদ্দিন, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, পরিবেশকর্মী, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স