৫ আগষ্ট উপলক্ষে ডিমলায় জামায়াতে ইসলামী সহ১১ দলীয় জোটের র্যালি ও সমাবেশ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৬-০৮-২০২৬ ১১:৫৩:২৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-০৮-২০২৬ ১১:৫৩:২৭ অপরাহ্ন
মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি) :০৫ আগষ্ট জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক কাজী হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক ছাদের হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী রুকুজ্জামান বকুল, বাইতুল মাল সম্পাদক অধ্যাপক মাওলানা ওয়াহেদুজ্জামান, সহকারী সেক্রেটারি অধ্যাপক আনারুল ইসলাম লেবু, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা জাহিদুল ইসলাম, এনসিপির ডিমলা উপজেলা আহ্বায়ক শাহ আব্দুল আজিজ, সদস্য সচিব রাশেদ, খগাখড়িবাড়ী ইউনিয়নের সদস্য সচিব বেলাল হোসেনসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে ধরেন। তারা দাবি করেন, দেশের বিভিন্ন স্থানে দলীয়করণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, গ্যাসের মূল্যবৃদ্ধি, সামাজিক অবক্ষয় ও রাজনৈতিক অস্থিরতা জনমনে উদ্বেগ সৃষ্টি করছে। একই সঙ্গে ছাত্রশিবিরের ওপর ধারাবাহিক হামলা ও দমন-পীড়নের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বক্তারা সরকারের প্রতি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকরভাবে দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান। তাদের দাবি, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবার জন্য সমান আইনের প্রয়োগ নিশ্চিত করা জরুরি। অন্যথায় এর নেতিবাচক প্রভাব রাষ্ট্র ও সরকারের ওপরই পড়বে বলে তারা মন্তব্য করেন।
সমাবেশে নেতৃবৃন্দ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন এবং জনগণের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় জামায়াতে ইসলামী, ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স