মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৯-০৮-২০২৬ ০৩:১৭:৩০ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-০৮-২০২৬ ০৩:১৭:৩০ অপরাহ্ন
প্রধানমন্ত্রী তারেক রহমান
কক্সবাজারের মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রবিবার (৯ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে তিনি প্রকল্প এলাকায় পৌঁছান।
এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ এবং জেলা প্রশাসক মো. আ. মান্নান। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করছেন। সেখান থেকে তিনি সাম্প্রতিক বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে পুনর্বাসনের জন্য নতুন ঘরের চাবি হস্তান্তর করবেন।
ঘটনাস্থলে পৌঁছে প্রধানমন্ত্রী মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং পরে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে অংশ নেন।
কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ জানান, বৈঠক শেষে প্রধানমন্ত্রী মাতারবাড়ীর গভীর সমুদ্রবন্দর এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
সকাল ৮টা ৫০ মিনিটে গুলশানের বাসায় থেকে প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দরে আসেন। সেখান থেকে সকাল ৯টা ১৫ মিনিটে হেলিকপ্টার মহেশখালীর মাতাবাড়ীর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স