ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​৯ মাসেই বদলে গেছে দিয়াবাড়ি লেক, দুই পাশে বনায়নের পরিকল্পনা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৬:২১:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৬:২১:০৩ অপরাহ্ন
​৯ মাসেই বদলে গেছে দিয়াবাড়ি লেক, দুই পাশে বনায়নের পরিকল্পনা



রাজধানীর উত্তরার দিয়াবাড়ি লেকের চেহারায় এসেছে বড় পরিবর্তন। দীর্ঘ নয় মাসের পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রায় পুরো লেকই এখন ময়লা-আবর্জনামুক্ত। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইতোমধ্যে প্রায় ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি অংশ পরিষ্কার করতেও সময় লাগবে সর্বোচ্চ ১০ থেকে ১৫ দিন।
উত্তরার ১২ থেকে ১৭ নম্বর সেক্টরজুড়ে প্রায় আট কিলোমিটার দীর্ঘ এই লেক একসময় ময়লা-আবর্জনায় ভরা ছিল। বর্তমানে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। লেকের প্রায় পুরো অংশই এখন পরিষ্কার করা হয়েছে। বাকি রয়েছে মাত্র ৫০০ মিটারের মতো এলাকা।


গত নয় মাস ধরে সরকারি অর্থায়ন ছাড়াই চলছে এই পরিচ্ছন্নতা কার্যক্রম। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আফাজ উদ্দিনের নেতৃত্বে প্রতিদিন চলছে কাজ। শুধু পরিষ্কার করেই থেমে থাকতে চান না সংশ্লিষ্টরা। লেকের দুই পাশে বনায়ন করার পরিকল্পনাও নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে পরিবেশের পাশাপাশি লেকের সৌন্দর্যও ধরে রাখা যায়।

এদিকে দিয়াবাড়ি লেককে আরও পরিকল্পিতভাবে সাজানোর উদ্যোগের কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন জানান, হাতিরঝিল ও ধানমন্ডি লেকের আদলে দিয়াবাড়ি লেককে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।


তিনি বলেন, ঢাকা উত্তর সিটির আওতাধীন ২৯টি খালের মধ্যে অনেকগুলোতেই অবৈধ স্থাপনা রয়েছে। খালগুলোর সীমানা নতুন করে নির্ধারণের জন্য কমিটি করা হয়েছে। ইতোমধ্যে ২০টি খালের ডিমার্কেশন সম্পন্ন হয়েছে।


লেকের দুই পাশের অবৈধ স্থাপনাও উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে বেশিরভাগ অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা হয়েছে। সব কাজ শেষ হলে দিয়াবাড়ি লেক রাজধানীর অন্যতম দৃষ্টিনন্দন ও নাগরিক বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে উঠবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ