ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০৬:৪৮:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০৬:৪৮:১৯ অপরাহ্ন
​তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমান


দেশের তিনটি গ্রামকে পরীক্ষামূলকভাবে ‘এসডিজি ভিলেজ’ প্রকল্প হিসেবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি।

‘এসডিজি ভিলেজ’ প্রকল্পের গ্রামগুলো হচ্ছে— সমুদ্র উপকূলীয় খুলনার দাকোপ উপজেলার ১ নম্বর পানখালী ইউনিয়নের পানখালী, রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি এবং দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার নাফানগর।

প্রধানমন্ত্রী বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) বাস্তবায়নে বাংলাদেশ যেমন উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছিল, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নেও সরকার একইভাবে কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে। এসডিজির অন্যতম প্রধান দর্শন ‘কাউকে পেছনে ফেলে নয়’। এই নীতির সঙ্গে বর্তমান সরকারের ‘সবার জন্য বাংলাদেশ’ ভাবনারও যথেষ্ট সামঞ্জস্য রয়েছে।

সরকারপ্রধান বিএনপির রাজনৈতিক দর্শনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, বিএনপির রাজনীতি বরাবরই জনগণকেন্দ্রিক ও জনকল্যাণমুখী। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষিত ১৯ দফা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’ এবং বর্তমানে প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার সঙ্গে এমডিজি ও এসডিজির লক্ষ্য ও উদ্দেশ্যের মৌলিকভাবে তেমন কোনো অমিল নেই।

তিনি বলেন, এই গ্রামগুলোতে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের ঋণ, স্কুল ড্রেস, মাদ্রাসাভিত্তিক শিক্ষা, নবায়নযোগ্য জ্বালানি, গ্রাম পর্যটন, ব্লু-এমপ্লয়মেন্ট, ওয়ান ভিলেজ-ওয়ান প্রোডাক্ট, বৃক্ষরোপণ, খাল খনন ও ইকোট্যুরিজমসহ বিভিন্ন কর্মসূচি একযোগে বাস্তবায়ন করা হবে।

সাফল্যের ভিত্তিতে ভবিষ্যতে দেশজুড়ে এই মডেল সম্প্রসারণ করা হবে এবং এটি বিশ্বের সামনে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘ডেভেলপমেন্ট মডেল’ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

একটি গ্রামকে দারিদ্র্য, শিক্ষা, স্বাস্থ্য, বিশুদ্ধ পানি, স্যানিটেশন, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, পরিবেশ ও জলবায়ু ঝুঁকি মোকাবিলাসহ বিভিন্ন ক্ষেত্রে টেকসই ও স্বয়ংসম্পূর্ণ করে তোলার উদ্যোগই এসডিজি ভিলেজ।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ