গণপূর্তের আরও ৪০৯ প্রকৌশলীকে লটারিতে বদলি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৬-০৮-২০২৬ ০৬:১৬:৩০ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৮-২০২৬ ০৬:১৬:৩০ অপরাহ্ন
গণপূর্ত অধিদপ্তরের আরও ৪০৯ জন প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলন কক্ষে এ লটারির আয়োজন হয়।
লটারিতে ১৫২ জন সহকারী প্রকৌশলী (সিভিল) ও ৬৭ জন সহকারী প্রকৌশলীকে (ই/এম) বদলি করা হয়। একইদিনে ১৩৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) এবং ৫৫ জন উপবিভাগীয় প্রকৌশলীকেও (ই/এম) বদলি করা হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বদলি ও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা নিশ্চিতের জন্যই এই লটারির আয়োজন করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, লটারির ভিত্তিতে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ১০০ জন, রাজশাহী বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪ জন, খুলনা বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১২ জন, সিলেট বিভাগে ৭ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন এবং রংপুর বিভাগে ১৭ জন সহকারী প্রকৌশলীকে (সিভিল ও ই/এম) বদলি-পদায়ন করা হয়েছে।
এছাড়াও উপবিভাগীয় প্রকৌশলী পদে লটারির ভিত্তিতে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ৭৯ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, খুলনা বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে ৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন এবং রংপুর বিভাগে ১৫ জন উপবিভাগীয় প্রকৌশলীকে (সিভিল ও ই/এম) বদলি-পদায়ন করা হয়েছে।
লটারি কার্যক্রমের সময়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ সারওয়ার জাহান ও স্বপন চাকমা উপস্থিত ছিলেন।
এর আগে, গত ৩০ জুলাই লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) এবং ৩ আগস্ট ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলীকে (ই/এম) বদলি করা হয়।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স