ধনবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৭-০৮-২০২৬ ০৪:৩৩:৫১ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৭-০৮-২০২৬ ০৪:৩৩:৫১ পূর্বাহ্ন
মো. পলাশ ইসলাম, ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:
“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি, মাছের পোনা অবমুক্ত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
র্যালি ও পোনা অবমুক্ত শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে-এর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফরহাদ হোসেন চৌধুরী।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও মানুষের পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মৎস্যসম্পদ সংরক্ষণ, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি, জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং মাছ চাষে আধুনিক ও বিজ্ঞানসম্মত প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে হবে।
তারা আরও বলেন, দেশীয় মাছের প্রজননক্ষেত্র ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে। পাশাপাশি অবৈধভাবে মাছ শিকার, কারেন্ট জাল ব্যবহার এবং মাছের প্রজননক্ষেত্র ধ্বংসের বিরুদ্ধে সামাজিকভাবে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী বলেন, মৎস্য খাত দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে মৎস্যচাষকে আরও লাভজনক করতে পারলে একদিকে যেমন মানুষের পুষ্টির চাহিদা পূরণ হবে, অন্যদিকে কর্মসংস্থান ও আয়ও বাড়বে। মৎস্যসম্পদ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যচাষি, জেলে ও সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও সফল দুইজন মৎস্যচাষির মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি, মৎস্যজীবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
মো: পলাশ ইসলাম
ধনবাড়ী, টাঙ্গাইল
মোবা: ০১৯৫৩২৫৫০০৮
তারিখ: ১৬-৮-২০২৬
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স