‘ইমাম-উলামা’দের চাপে কনসার্টের অনুমতি বাতিল
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৯-০৮-২০২৬ ০৩:০৬:৫৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-০৮-২০২৬ ০৩:০৬:৫৮ অপরাহ্ন
ইমাম-উলামা পরিষদের আপত্তির পর কিশোরগঞ্জে পূর্বনির্ধারিত একটি কনসার্টের অনুমতি বাতিল করেছে জেলা প্রশাসন। বুধবার (১৯ আগস্ট) কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে আলিশান রেস্টুরেন্টের উদ্যোগে কনসার্টটি হওয়ার কথা ছিল।
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, এতে জনপ্রিয় ব্যান্ড এ্যাশেজ ও সংগীতশিল্পী নোবেল গান পরিবেশন করার কথা ছিল। অনুষ্ঠান ঘিরে স্থানীয় সংস্কৃতিপ্রেমী ও সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হলেও শেষ মুহূর্তে প্রশাসনের অনুমতি বাতিলের কারণে কনসার্টটি আর অনুষ্ঠিত হয়নি।
আয়োজকরা জানান, গত ১৭ আগস্ট কনসার্ট আয়োজনের ঘোষণা দেওয়া হলেও এর প্রায় ১৫ দিন আগে থেকেই জেলা প্রশাসনের কাছে আবেদনসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছিল। পরে ১৮ আগস্ট কনসার্ট বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করে কিশোরগঞ্জ সদর উপজেলা ইমাম-উলামা পরিষদ।
আবেদনে গান-বাজনার আয়োজনকে শরিয়তবিরোধী উল্লেখ করে অনুষ্ঠান বন্ধের দাবি জানানো হয়। একই সঙ্গে কনসার্টকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথাও জানানো হয়।
ইমাম-উলামা পরিষদের সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা আহমাদুল্লাহ বলেন, তাদের আবেদনের পর জেলা প্রশাসন কনসার্টের অনুমতি বাতিল করেছে।
অন্যদিকে, আয়োজক প্রতিষ্ঠান আলিশান রেস্টুরেন্টের মালিক মো. ইব্রাহীম খলিল বলেন, রেস্টুরেন্টের র্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণ উপলক্ষে কনসার্টটির আয়োজন করা হয়েছিল। জেলা প্রশাসনের কাছে আবেদন করার পর তারা অনুষ্ঠান আয়োজনের অনুমতিও পেয়েছিলেন। তবে বুধবার দুপুরে প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠান না করার কথা জানানো হয়।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে কনসার্টকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা জানানো হয়েছে। এ কারণে অনুমতি বাতিল করা হয়েছে। পাশাপাশি আয়োজক প্রতিষ্ঠানের প্রয়োজনীয় লাইসেন্স নেই বলেও জানান তিনি।
তবে আয়োজকদের দাবি, তাদের প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স রয়েছে এবং যথাযথ প্রক্রিয়ায় জেলা প্রশাসনের কাছ থেকেই তারা অনুমতি নিয়েছিলেন।
এদিকে, শেষ মুহূর্তে কনসার্টের অনুমতি বাতিল হওয়ায় স্থানীয় সংস্কৃতিপ্রেমীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। তাদের মতে, ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি সুস্থ সংস্কৃতি, সংগীত ও বিনোদনের চর্চারও প্রয়োজন রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স