২০ মাসেও শেষ হয়নি কোনাবাড়ী-কাশিমপুর সড়কের কাজ, দুর্ভোগে হাজারো মানুষ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৯-০৮-২০২৬ ০৬:০৯:৫১ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-০৮-২০২৬ ০৬:০৯:৫১ অপরাহ্ন
দীর্ঘ ২০ মাস পার হলেও শেষ হয়নি মাত্র এক কিলোমিটার সড়কের নির্মাণকাজ। ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ তদারকির অভাবে খানাখন্দে ভরা সড়কটি এখন হাজারো মানুষের চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ধুলাবালি, কাদা ও বড় বড় গর্ত পেরিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী, শিক্ষার্থী ও চালকরা।
বলছিলাম গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়কের কথা। ২০২৪ সালের ১২ ডিসেম্বর কোনাবাড়ী থেকে যমুনা গার্মেন্টস পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের নির্মাণকাজের উদ্বোধন করে গাজীপুর সিটি করপোরেশন। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও প্রায় ২০ মাস পরও পুরো কাজ শেষ হয়নি। বর্তমানে কচ্ছপগতিতে চলছে এই নির্মাণকাজ।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন অংশ খুঁড়ে রাখায় স্বাভাবিক যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রিকশা, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চালকরা এই সড়কে চলাচল করতে অনীহা প্রকাশ করছেন। ফলে বিকল্প পথে যাতায়াত করতে গিয়ে সাধারণ মানুষের সময় ও খরচ—দুটিই বাড়ছে।
সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন অসুস্থ রোগী ও গর্ভবতী নারীরা। স্থানীয়দের ভাষ্য, জরুরি প্রয়োজনে রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার সময় সড়কের বেহাল দশার কারণে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে।
শুধু তাই নয়, প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থীদেরও পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। কোথাও হাঁটুসমান কাদা, কোথাও উড়ন্ত ধুলাবালি আবার কোথাও বড় বড় গর্ত—এসব পেরিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে হচ্ছে তাদের।
এদিকে সড়কের পাশে থাকা হকার্স মার্কেট ও বঙ্গ মার্কেটের ব্যবসায়ীরাও দীর্ঘদিন ধরে ক্ষতির মুখে পড়েছেন। দোকানিদের অভিযোগ, সড়কের নির্মাণকাজ শুরু হওয়ার পর থেকেই ক্রেতা সমাগম কমে গেছে। প্রায় দুই বছর ধরে ব্যবসা মন্দা থাকায় অনেক ব্যবসায়ী কর্মচারীদের বেতন ও দোকান ভাড়া পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন। ইতোমধ্যে কেউ কেউ পুঁজি হারিয়ে ব্যবসা গুটিয়ে অন্যত্র চলে গেছেন বলেও জানান তারা।
স্থানীয়দের প্রশ্ন, মাত্র এক কিলোমিটার সড়কের নির্মাণকাজ শেষ করতে কেন এত দীর্ঘ সময় লাগবে? কাজের ধীরগতির জন্য দায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনা হচ্ছে কি না—তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের অঞ্চল-৭-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিভিন্ন জটিলতার কারণে দেরি হচ্ছে। বর্তমানে কাজ চলমান রয়েছে।
তবে স্থানীয়দের দাবি, দ্রুত কাজ শেষ করে সড়কটি চলাচলের উপযোগী করা না হলে দুর্ভোগ আরও দীর্ঘায়িত হবে। একই সঙ্গে নির্মাণকাজের মান, নির্ধারিত সময়সীমা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের তদারকিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন তারা।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স