ধনবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা
মাদক-চাঁদাবাজি ও অনলাইন জুয়া বন্ধে গুরুত্বারোপ
আপলোড সময় :
২০-০৮-২০২৬ ০৩:০০:৫৪ অপরাহ্ন
আপডেট সময় :
২০-০৮-২০২৬ ০৩:০০:৫৪ অপরাহ্ন
মো. পলাশ ইসলাম, ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ নূরজাহান আক্তার সাথীর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল-আফরোজ। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিক, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম. আজিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি এস এম সোবহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক (ভিপি), যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম মহব্বত, উপজেলা বিএনপির সদস্য কামাল হোসেন তালুকদার মিন্টু, ধনবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু, কার্যকরী সদস্য মো. পলাশ ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।
এছাড়া সভায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, স্কুল-কলেজের শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় ধনবাড়ী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে বিভিন্ন অপরাধ ও সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে শহর ও গুরুত্বপূর্ণ সড়কে যানজট নিরসন, মাদকদ্রব্যের বিস্তার রোধ, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ, অনলাইন জুয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, বাল্যবিবাহ ও ইভটিজিং বন্ধ এবং ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে শুধু প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একক প্রচেষ্টা যথেষ্ট নয়। অপরাধ প্রতিরোধে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদক ও অনলাইন জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় সড়কে অবৈধ পার্কিং ও যানজট সৃষ্টিকারী কার্যক্রম নিয়ন্ত্রণ, মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে অভিযান জোরদার এবং চুরি-ডাকাতিসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
সভায় উপজেলার বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের মতামত শোনা হয় এবং বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ নূরজাহান আক্তার সাথী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। জনসাধারণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও সভায় গুরুত্বারোপ করা হয়।
মো: পলাশ ইসলাম
ধনবাড়ী, টাঙ্গাইল
মোবা: ০১৯৫৩২৫৫০০৮
তারিখ: ২০-৮-২০২৬
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স