থার্ড টার্মিনালের সফট ওপেনিং ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৩-০৮-২০২৬ ০২:৩১:১৮ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-০৮-২০২৬ ০২:৩১:১৮ অপরাহ্ন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের সফট ওপেনিং আগামী ১৬ ডিসেম্বর করার লক্ষ্য রয়েছে সরকারের। তবে কাজ ভালোভাবে সম্পন্ন করতে প্রয়োজন হলে সময় আরও দুই-এক মাস বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন সদ্য মন্ত্রী পদে পদোন্নতি পাওয়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সফট ওপেনিংয়ের পর সর্বোচ্চ তিন মাসের মধ্যে টার্মিনালটি পুরোপুরি চালু করা সম্ভব হবে বলেও জানান তিনি।
রোববার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘থার্ড টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে সফট ওপেনিং হলেও করব। সেটার কাজ চলমান। আমাদের বিড বোধহয় এ মাসের মধ্যেই হবে। ২৫ তারিখে জাপানিরা বিড সাবমিট করবে এবং এটা পুঙ্খানুপুঙ্খভাবে ইভ্যালুয়েশন করে হোপফুলি সেপ্টেম্বরের মধ্যে আমরা কন্ট্রাক্ট সাইন করতে পারব।’
তিনি বলেন, ‘তারপর আমাদের হাতে থাকবে সাড়ে তিন মাস। সাড়ে তিন মাসে আমরা চেষ্টা করব যে একটা যদি সফট ওপেনিংও করতে পারি, আমরা করলাম। আর যদি মনে করি যে একটু সময় লেগে ভালো হবে, তাহলে দুই-এক মাস সময় বাড়াতেও পারি।’
‘কিন্তু এখনও আমরা ১৬ ডিসেম্বরেই সফট ওপেনিং করব, এটাতেই আমরা এখনও স্টিক রয়েছি,’ বলেন প্রতিমন্ত্রী থেকে সদ্য মন্ত্রী পদে পদোন্নতি পাওয়া এম রশিদুজ্জামান মিল্লাত।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স