বগুড়ায় চলন্ত ট্রেনে নারীকে ধ র্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার, দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা
আপলোড সময় :
০১-০৯-২০২৬ ০৮:২৫:০১ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০৯-২০২৬ ০৮:২৫:০১ অপরাহ্ন
গোলাম রব্বানী শিপন, (বগুড়া) থেকেঃ
ঢাকা থেকে সিরাজগঞ্জগামী আন্তঃনগর 'কুড়িগ্রাম এক্সপ্রেস' ট্রেনে ৪৪ বছর বয়সী এক নারী যাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগে ট্রেনটির ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দীককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় পুলিশের দুই সদস্যের বিরুদ্ধেও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃত আবু বক্করকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন।
মামলার এজাহার অনুযায়ী, সোমবার ওই নারী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে সিরাজগঞ্জে যাচ্ছিলেন। যাত্রাপথে মাদক বহনের সন্দেহ তুলে পুলিশের দুই সদস্য ওই নারীকে জোরপূর্বক ট্রেনের ক্যান্টিনে নিয়ে যান এবং সেখানে তাকে শ্লীলতাহানি করেন।
পরবর্তীতে পুলিশের ওই সদস্যরা চলে গেলে রাত আনুমানিক ১টার দিকে ট্রেনের ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দীক ওই নারীকে ধর্ষণ করেন। ভুক্তভোগীর ডাক-চিৎকার শুনে ট্রেনের অন্যান্য যাত্রীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন।
ঘটনার পরপরই ভুক্তভোগী নারী জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন করে অভিযোগ জানান। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে পুলিশের একটি বিশেষ দল দ্রুত তৎপরতা চালায় এবং চলন্ত ট্রেন থেকেই অভিযুক্ত ক্যান্টিন বয় আবু বক্করকে আটক করে।
গতকাল সোমবার বিকেলে ভুক্তভোগী নারী বাদী হয়ে সান্তাহার রেলওয়ে থানায় মামলা দায়ের করেন। এতে আবু বক্কর সিদ্দীকের বিরুদ্ধে ধ র্ষণ এবং পুলিশের দুই সদস্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনা হয়।
সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দিন জানান, গ্রেপ্তার আসামিকে সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত দুই পুলিশ সদস্যের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে তাদের নাম-পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে বলে ওসি দুলাল উদ্দিন জানিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স