আনন্দ মিছিল, বর্ণাঢ্য র্যালি ও কেক কাটায় ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৫-০৯-২০২৬ ০৩:৩৪:৩১ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-০৯-২০২৬ ০৩:৩৪:৩১ অপরাহ্ন
মো: পলাশ ইসলাম
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:
আনন্দ-উচ্ছ্বাস, বর্ণাঢ্য আয়োজন ও বিপুল মানুষের অংশগ্রহণে উদযাপিত হয়েছে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে আনন্দ মিছিল ও বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী নানা কর্মসূচি।
বিকেল ৪টা ২০ মিনিটে ধনবাড়ী উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়। পরে র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। হাতে ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে পুরো শহর উৎসবমুখর হয়ে ওঠে। এ সময় ‘এগিয়ে যাও ধনবাড়ী’, ‘২০ বছরের অর্জন, আগামীর সম্ভাবনা’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পৌর শহর।
ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত র্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম (স্বপন ফকির)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুজ্জামান সুরুজ এবং টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সহসভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সি, সাধারণ সম্পাদক মো. এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম মহব্বত, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক লেবু, ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবাহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপ্ন, ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরজাহান আক্তার সাথীসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়াবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মন্ত্রী ফকির মাহবুব আনাম (স্বপন ফকির) বলেন, “২০০৬ সালে ধনবাড়ী উপজেলা হিসেবে যাত্রা শুরু করে। উপজেলা প্রতিষ্ঠার আগে এখানকার মানুষের নানা প্রয়োজনে মধুপুরে যেতে হতো। উপজেলা প্রতিষ্ঠার পর সেই দুর্ভোগ অনেকটাই কমেছে। ধনবাড়ীর ২০ বছর পূর্তির এই আয়োজনে কথা বলতে গিয়ে আমি আবেগাপ্লুত হয়ে পড়েছি।”
তিনি বলেন, “আজকের এই র্যালি ধনবাড়ীর মানুষের ঐক্য, অর্জন ও অগ্রগতির প্রতীক। আগামী দিনে ধনবাড়ীকে আরও এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এ সময় তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
র্যালিতে অংশ নেওয়া শিক্ষার্থী লাবনি আক্তার বলেন, “আমরা ধনবাড়ীর সন্তান। এই উপজেলার জন্য আমাদের গর্ব হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিলে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে।”
র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিশেষ দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শেষ হয়। সন্ধ্যায় ধনবাড়ীর দর্জি রোডে আয়োজন করা হয় মনোমুগ্ধকর বাউল সন্ধ্যা। দিনব্যাপী এসব আয়োজনে ধনবাড়ীজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স