কোনো শিশু বিদ্যালয়ের বাইরে থাকবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৮-০৯-২০২৬ ০২:৪১:১৫ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০৯-২০২৬ ০২:৪১:১৫ অপরাহ্ন
দেশের কোনো শিশু যেন বিদ্যালয়ের বাইরে না থাকে; এটাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে প্রত্যেক শিশুকে নৈতিকতা ও দক্ষতাভিত্তিক শিক্ষা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমানে দেশে সাক্ষরতার হার ৭৭ দশমিক ৯ শতাংশ। তবে এখনও প্রায় ২২ শতাংশ মানুষ শিক্ষা ও সাক্ষরতার বাইরে রয়েছে। শতভাগ সাক্ষরতার লক্ষ্য অর্জনে এ জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনতে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে থাকা ১০ থেকে ১৪ বছর বয়সী শিশুদের দ্রুত বিদ্যালয়ে ফিরিয়ে আনতে ‘অ্যাক্সেলারেটেড ফাউন্ডেশনাল এডুকেশন’ চালুর ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, শুধু সাক্ষরতা অর্জন করলেই হবে না, শিক্ষার্থীদের এমন দক্ষতা দিতে হবে, যা ভবিষ্যতে তাদের কর্মসংস্থান ও ক্যারিয়ার গঠনে সহায়তা করবে। এ জন্য শিক্ষার সঙ্গে দক্ষতা উন্নয়নকে আরও কার্যকরভাবে যুক্ত করার প্রয়োজন রয়েছে।
ববি হাজ্জাজ বলেন, আগের শিক্ষা প্রকল্পগুলো কাঙ্ক্ষিত ফল দিতে না পারলে সেগুলোতে রিস্কোপিং, রিডিজাইনিং ও রিফোকাসিং করতে হবে। অর্থাৎ প্রয়োজন অনুযায়ী প্রকল্পের পরিধি, নকশা ও লক্ষ্য পুনর্নির্ধারণ করতে হবে।
এ সময় স্কিলভিত্তিক শিক্ষা আরও বিস্তৃত করার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ৪০টি জেলার ৪০টি উপজেলায় এ কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
শিক্ষা খাতে বর্তমানে জিডিপির ২ শতাংশ বরাদ্দ রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামীতে তা ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে। তবে এই অর্থ শুধু অবকাঠামো নির্মাণে ব্যয় না করে শিশুদের স্কুলে ফেরানো, সাক্ষরতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নেও কাজে লাগাতে হবে।
শতভাগ সাক্ষরতার লক্ষ্য অর্জনে সরকার, এনজিও, শিক্ষক-প্রশিক্ষক ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স