আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৩-০৯-২০২৬ ০৫:২৬:৫৬ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-০৯-২০২৬ ০৫:২৬:৫৬ অপরাহ্ন
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে যে কোনো ধরনের স্ট্রাইক বা হরতাল ডাকাকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। একই সঙ্গে আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে কোনো ধরনের হরতাল বা ধর্মঘট ডাকা হলে বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের বিরুদ্ধে আইনগত ও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি ফয়সল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আহসান হাবীব। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পক্ষে ছিলেন আইনজীবী আসিবুল হক এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পক্ষে ছিলেন আইনজীবী মো. রাফিউল ইসলাম।
২০১১ সালের আগস্টে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ডিলাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, সাংবাদিক ও চিত্রগ্রাহক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় বাসচালকের বিরুদ্ধে মামলা হয়। পরে ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত বাসচালককে সাজা দেন।
ওই সাজাকে কেন্দ্র করে বাস মালিকদের পরিবহন ধর্মঘট ও হরতাল ডাকার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ হাইকোর্টে রিট করে।সংবাদ সাবস্ক্রিপশন
রিটের শুনানি শেষে ২০১৭ সালের ১ মার্চ আদালত রুল জারি করেন। আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে ধর্মঘট বা হরতাল আহ্বান কেন বেআইনি ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়।
শুনানি শেষে রুলের ওপর চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে হাইকোর্ট বলে, সংবিধানের ১১২ অনুচ্ছেদ অনুযায়ী আদালতের রায় ও আদেশ সবার জন্য বাধ্যতামূলক। কোনো রায়ের বিরুদ্ধে আপিল করার আইনগত সুযোগ রয়েছে। তবে রায়ের বিরুদ্ধে হরতাল বা ধর্মঘট আহ্বান করা অবৈধ ও সংবিধান পরিপন্থী।
রায়ে স্বরাষ্ট্র সচিব, বিআরটিএ ও বিআরটিসিকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল কিংবা ধর্মঘট ডাকা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স