পবিপ্রবিতে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও বিনিময় সুযোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৪-০৯-২০২৬ ০৯:৩৬:১৭ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৪-০৯-২০২৬ ০৯:৩৬:১৭ পূর্বাহ্ন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) "হায়ার স্টাডি অ্যান্ড এক্সচেঞ্জ অপরচুনিটিজ ইন দ্য ইউনাইটেড স্টেটস" শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও এডুকেশনইউএসএ-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অফিস অব দি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স-এর ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে ১৩ সেপ্টেম্বর সকাল ১১টায় এ সেমিনারের আয়োজন করা হয়।সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও পবিপ্রবি'র ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ.বি.এম. সাইফুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। তারা অনলাইনে যুক্ত থেকে অনুষ্ঠানের বক্তব্য রাখেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান , ইএসডিএম অনুষদের এর ডিন অধ্যাপক ড. নুরুল আমিন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এডুকেশন আউটরিচ কো-অর্ডিনেটর সোহেল ইকবাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের সাবেক ডিন অধ্যাপক আবুল বাশার খান এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার। বক্তারা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ধাপগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এডুকেশনইউএসএ-এর পক্ষ থেকে শিক্ষার্থীদের উদ্দেশে পাঁচটি ধাপে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার প্রস্তুতি সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয় নিজের অগ্রাধিকার নির্ধারণ ও উপযুক্ত প্রতিষ্ঠান বাছাই, পড়াশোনার ব্যয় নির্বাহে বাজেট প্রণয়ন ও বৃত্তি অন্বেষণ, আবেদন প্রক্রিয়া সম্পন্নকরণ, শিক্ষার্থী ভিসার জন্য আবেদন এবং যুক্তরাষ্ট্রে যাত্রার পূর্ব প্রস্তুতি। এ ছাড়া ঢাকার বারিধারায় অবস্থিত আমেরিকান সেন্টারের মাধ্যমে সরাসরি পরামর্শ গ্রহণের সুযোগ সম্পর্কেও শিক্ষার্থীদের অবহিত করা হয়।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান বলেন, "ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও এডুকেশনইউএসএ-এর এই উদ্যোগ আমাদের শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের তুলে ধরা এবং বিশ্বমানের উচ্চশিক্ষার সুযোগ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের বৈশ্বিক জ্ঞান ও আধুনিক সুযোগ-সুবিধার সঙ্গে যুক্ত করতে সবসময় বদ্ধপরিকর, আর আজকের এই সেমিনার সেই লক্ষ্য অর্জনে একটি সময়োপযোগী পদক্ষেপ। তিনি আরও বলেন, মেধা কেবল দেশের অভ্যন্তরে সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং আন্তর্জাতিক অঙ্গনে উন্নত জ্ঞান ও প্রযুক্তির সাথে এর সমন্বয় ঘটাতে হবে। আমরা বলতে পারি যুক্তরাষ্ট্র উচ্চ শিক্ষা ও গবেষণার জন্য বিশ্বের অন্যতম সেরা গন্তব্য।
উল্লেখ্য, পবিপ্রবি'র একাডেমিক পরিধি আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্প্রসারণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করা হয় ।সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা সহ ২৫০ জন অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও বিনিময় কর্মসূচি সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর জানার সুযোগ পান। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স