হাসিনাকে ‘শুভ জন্মদিন আপা’ লিখে বহিষ্কার, ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৮-০৯-২০২৬ ০৫:৫৭:৪৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-০৯-২০২৬ ০৫:৫৭:৪৩ অপরাহ্ন
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর এক ফেসবুক পোস্টে ‘শুভ জন্মদিন আপা’ লিখে মন্তব্য করায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত হয়েছেন
জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাব্বি হোসেন। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
সোমবার জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের এক বিজ্ঞপ্তিতে রাব্বি হোসেনকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের মূলনীতি, দলের নীতি, আদর্শ ও সংহতিপরিপন্থী কার্যকলাপের জন্য মো. রাব্বি হোসেনকে জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জানা যায়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তার একটি ফেসবুক পোস্টে শুভেচ্ছা জানিয়ে কমেন্ট করেন রাব্বি হোসেন। ওই কমেন্টকে কেন্দ্র করে তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে।
এ বিষয়ে রাব্বি হোসেন বলেন, ‘শেখ হাসিনাকে “শুভ জন্মদিন, আপা” বলাটা আমি সার্কাজম হিসেবে বলেছিলাম। আমি ২০২৪ সালের আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছি এবং শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি শেখ হাসিনার স্বৈরতন্ত্রের বিপক্ষে ছিলাম এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সরাসরি অংশ নিয়েছি। আমি কখনো কোনোদিন আওয়ামী লীগের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত ছিলাম না
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামছুল আলম বলেন, ‘আমরা জানতে পেরেছি, সে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছে। পরে শিক্ষার্থীরা তাকে প্রক্টর অফিসে নিয়ে আসে। বর্তমানে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেবে।’
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স