বেহেশতের টিকিট বিক্রেতারা সারের কৃত্রিম সংকট তৈরি করছে
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৯-০৯-২০২৬ ০১:২২:৫৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-০৯-২০২৬ ০১:২২:৫৬ অপরাহ্ন
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশের যেসব এলাকায় বেহেশতের টিকিট বিক্রির রাজনীতি করে একটি দল নির্বাচিত হয়েছে, সেসব এলাকায় কৃত্রিমভাবে সারের সংকট সৃষ্টি করা হচ্ছে।
মঙ্গলবার সকালে উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
কবর জিয়ারত শেষে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন প্রতিমন্ত্রী।
এ সময় শহীদ আবু সাঈদের অবদানের কথা স্মরণ করে মীর শাহে আলম বলেন, শহীদ আবু সাঈদের যে অবদান, তা শুধু ইতিহাস নয়, এটি সবার অনুপ্রেরণা। তার বাবা-মা গর্বিত বাবা-মা। শহীদ আবু সাঈদ রংপুরের সম্পদ, এই দেশের সম্পদ। আবু সাঈদ গণঅভ্যুত্থানের বীর।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে শহীদ আবু সাঈদের বাবা-মায়ের জন্য ঘর নির্মাণ এবং তার কবরের সৌন্দর্যবর্ধনের জন্য আবু সাঈদ ফাউন্ডেশনে ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা করছি।
পীরগঞ্জসহ বিভিন্ন কারণে অবহেলিত এলাকাগুলোকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসতে বর্তমান সরকার কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কে নির্বাচিত হয়েছেন, কে হননি—তা দেখা হবে না। সবার জন্য কাজ করা হবে।
ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি বলেন, ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রীর একটি কর্মসূচি। দেশের কোনো পরিবার এ কর্মসূচি থেকে বাদ পড়বে না।
ধর্মীয় বিষয় ও মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, ‘একটি রাজনৈতিক দল ধর্মের কথা বলে বেহেশতের টিকিট বিক্রি করেছে। তারা মসজিদ ও ইমামদের নিয়ে কি চিন্তা করেছিল? এসব বিষয় প্রধানমন্ত্রী তারেক রহমান চিন্তা করেছেন।’ বাংলাদেশের মসজিদগুলোর ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের বেতনের ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে মীর শাহে আলম বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার দেশের জন্য কাজ করেনি। বিএনপি সরকার দায়িত্ব পাওয়ার পর সংকটপূর্ণ অবস্থায় দেশ পেয়েছে। গ্যাসের সংকটসহ বিভিন্ন সমস্যা সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে। সরকারের কাজ চলমান রয়েছে। চার বছর সময় দিতে হবে। এরপর দেখতে হবে সরকারের কোথায় ব্যর্থতা।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স