পূজা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৪-১০-২০২৬ ০৫:২৩:৩৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-১০-২০২৬ ০৫:২৩:৩৮ অপরাহ্ন
দুর্গাপূজা উপলক্ষে আগামী ৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত দেশের মার্কেট, বিপণিবিতান ও দোকান রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে সংগঠনটির সভাপতি মো. হেলাল উদ্দিন ও মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া এ দাবি জানান।
চিঠিতে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে মন্ত্রণালয়ের ঘোষণার পরিপ্রেক্ষিতে বর্তমানে সারা দেশের মার্কেট, বিপণিবিতান ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করা হচ্ছে। দেশের সংকটকালীন সময়ে ব্যবসায়ীরা জ্বালানি সাশ্রয়ে সহযোগিতা করে আসছেন।
ব্যবসায়ীদের বর্তমান পরিস্থিতি তুলে ধরে চিঠিতে বলা হয়, বৈশ্বিক অর্থনৈতিক ও জ্বালানি সংকটের কারণে দীর্ঘদিন ধরে দোকানগুলোতে বেচাকেনা কম। এতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের আর্থিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে।
দোকান মালিক সমিতি বলেছে, ঈদ ও পূজার আগে দোকান খোলা রাখার সময় বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রী আশ্বাস দিয়েছিলেন। এসব উৎসবকে কেন্দ্র করে সাধারণত বেচাকেনা কিছুটা বাড়ে। ফলে দোকানপাট খোলা রাখার সময় বাড়ানো হলে ব্যবসায়ীরা উপকৃত হবেন বলে মনে করছে সংগঠনটি।
চিঠিতে আরও বলা হয়, ইতোমধ্যে জ্বালানি সংকট ও বিদ্যুতের লোডশেডিং নিয়ন্ত্রণে এসেছে। এ পরিস্থিতিতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সমস্যার বিষয়টি বিবেচনায় নিয়ে দুর্গাপূজা উপলক্ষে ৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকান খোলা রাখার অনুমতি দেওয়ার জন্য মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
সংগঠনটির দাবি, উৎসবের সময় দোকান খোলা রাখার সময় দুই ঘণ্টা বাড়ানো হলে ব্যবসায়ীরা অতিরিক্ত বেচাকেনার সুযোগ পাবেন এবং এতে তাদের চলমান আর্থিক চাপ কিছুটা কমতে পারে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স